২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় নিয়ে দাম বাড়ানো যেত: এফবিসিসিআই

বিদ্যুতের দাম বাড়াটা প্রত্যাশিত হলেও সরকার এক্ষেত্রে আরেকটু সময় নিতে পারত বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 07:55 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার বিইআরসি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এই মুহূর্তে না বাড়িয়ে আরেকটু গ্যাপ দিয়ে পরিস্থিতি স্থির হলে বাড়ানো যেত।”

প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে এই মূল্যহার ডিসেম্বর থেকে কার্যকর করার বলেছে বিইআরসি।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১ মার্চ থেকে এ পর্যন্ত আটবার বাড়ানোর হল বিদ্যুতের দাম।

সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার।

বিদ্যুতের দাম বাড়ানোর কারণ হিসেবে এফবিসিসিআই সভাপতি সফিউল বলেন, “আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে তুলনামূলক কম খরচে যে মধ্যমেয়াদী বিদ্যুৎ আসার কথা ছিল তা আমরা আনতে পারিনি, এখনো আমারা গ্যাস ও ডিজেল দিয়ে বিদ্যুৎ তৈরি করছি, ফলে বিদ্যুতের দাম বাড়বে এটা প্রত্যাশিতই ছিল কিন্তু আরেকটু সময় দিয়ে বাড়ানো যেত। ”