এক ছাদের নিচে কৃষিপণ্য ও যন্ত্রাংশের তিন প্রদর্শনী
রাজধানীতে শুরু হয়েছে প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও যন্ত্রাংশের তিনটি প্রদর্শনী।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) এক ছাদের নিচে ‘৫ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’, ‘৭ম এগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৭’ ও ‘৪র্থ রাইস অ্যান্ড গ্রেইনটেক বাংলাদেশ এক্সপো’ উদ্বোধন করা হয়। প্রদর্শনীগুলো চলবে শনিবার পর্যন্ত।
আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ডস, তুরস্ক, ইউক্রেইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ১২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশের ‘উজ্জ্বল সম্ভাবনা’ রয়েছে উল্লেখ করে এই খাতের সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন।
“বিদেশে আমাদের অন্যান্য কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে হয়, তাই দেশি প্রক্রিয়াজাতকারকদের পণ্য রপ্তানিতে প্রণোদনা দেওয়া ও ব্যাংক ঋণে সুদের হার কমিয়ে দিতে হবে।”
বিভিন্ন পণ্য রপ্তানিতে সরকারের দেওয়া ২০ শতাংশ প্রণোদনা বাড়িয়ে ৩০ শতাংশ করা এবং ব্যাংক ঋণে সুদের হার ১০-১১ শতাংশ থেকে কমিয়ে ৩-৪ শতাংশ করার দাবি জানান ফখরুল।
সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম বলেন, “বিশ্ব বাজারে বাংলাদেশের পণ্য গুণগত মানের কারণে সুপরিচিত কিন্তু তারপরও আমারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। এই সেক্টরে যদি আরও প্রণোদনা দেওয়া হয় তাহলে এই খাত আরও এগিয়ে যাবে।”
প্রদর্শনীতে অংশ নেওয়া দেশি উদ্যোক্তা ও প্রক্রিয়াজাতকারীরাও বিশ্ব বাজারে টিকে থাকা ও রপ্তানি বাড়ানোর জন্য সরকারি প্রণোদনা বৃদ্ধি ও নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।
রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে দেশি প্রতিষ্ঠানগুলোর নিয়মিত সংলাপের ব্যবস্থা করে দেওয়ার কথা জানান অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোস্তাফিজ রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরেটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল, বাংলাদেশ বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইউরেন স্টিগস, বাপার সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিশেনের সভাপতি আব্দুর রশিদ বক্তব্য রাখেন।
