গালফ অয়েলের সঙ্গে যৌথ ব্যবসায় ইফাদ অটোস
যুক্তরাজ্যে তালিকাভুক্ত কোম্পানি গালফ অয়েলের সঙ্গে বাংলাদেশে যৌথ ব্যবসা করতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের অন্যতম গাড়ি বিপণন কোম্পানি ইফাদ অটোস লিমিটেড।
গালফের ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট বাজারজাত করতে গালফ অয়েল বাংলাদেশ নামে কোম্পানি চালু করেছে দুই প্রতিষ্ঠান।
বুধবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ইফাদ অটোসের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু ও গালফ অয়েল ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক রুটেন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
শিল্প সংশ্লিষ্ট যন্ত্রপাতি, মৎস্য ও কৃষিখামার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে ইফাদ গ্রুপের। ১৯৮৫ সাল থেকে ভারতের অশোক লিল্যান্ড গ্রুপের গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে তারা।
১৯০১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যবসা শুরু করা গালফ ইন্টারন্যাশনাল বর্তমানে যুক্তরাজ্যের বাজারে নিবন্ধিত একটি খনিজ তেল কোম্পানি। বিশ্বের একশটিরও বেশি দেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি ঘটছে বলেই বিদেশি কোম্পানিগুলো এই অঞ্চলে আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাজ্যের ২৪০টির বেশি কোম্পানি এই দেশে ব্যবসার সঙ্গে যুক্ত। গালফ এখন নতুন করে যুক্ত হল।
বর্তমান সরকারের নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা হওয়ার কারণে বিদেশি বিনিয়োগের হার বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত চার মাসে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বহু বিদেশি কোম্পানি এই দেশে ব্যবসা করার আবেদন করেছে।
গালফ অয়েল কর্মকর্তা ফ্রাঙ্ক বলেন, “বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। এমন একটি দেশের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেয়ে আমি অভিভূত।”
ইফাদের সুদক্ষ মার্কেটিং টিম গালফ অয়েলের বড় বাজার তৈরিতে সক্ষম হবে বলে আশা করেন তিনি।
