প্রযুক্তিভিত্তিক ব্যবসা পরিকল্পনার প্রতিযোগিতা ‘বাংলালিংক ইনোভেটর’
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নতুন প্রজন্মকে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে শুরু করেছে প্রযুক্তিভিত্তিক ব্যবসা পরিকল্পনার প্রতিযোগিতা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘বাংলালিংক ইনোভেটর’ নামের এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, ক্লাউড কমপিউটিং ও এআই বিষয়ক অভিনব ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে।
প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও অন্যান্য আরও কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে ‘বাংলালিংক ইনোভেটর’।
সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত বিজয়ী দল পাবে পাঁচ লাখ টাকা পুরস্কারসহ বাংলালিংকের ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম’ এর অ্যাসেসমেন্ট সেন্টারে সরাসরি যোগ দেওয়ার সুযোগ।
প্রথম ও দ্বিতীয় রানার-আপ পুরস্কার যথাক্রমে তিন ও এক লাখ টাকা।
প্রতিযোগিতায় অংশ নিতে https://www.banglalink.net/en/ennovators ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে রোড শো ও ক্যাম্পাস ব্র্যান্ডিং আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতাটি সম্পর্কে তরুণদের জানানো হবে।
বাংলালিংকের চিফ হিউম্যান রিসোরর্সেস অ্যান্ড অ্যাডমিনিসট্রেশন অফিসার মঞ্জুলা মোরশেদ বলেন, “আমরা সম্ভাবনাময় তরুণদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যাতে তারা তাদের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারে এবং ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। আমরা বিশ্বাস করি, সম্ভাবনাময় এই তরুণরা স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রামের মাধ্যমে বাংলালিংকের ক্রমন্নোতিতেও অবদান রাখতে পারবে।”
বাংলালিংকের কম্যুনিকেশনস ডিরেক্টর আসিফ আহমেদ বলেন, “প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা অতীতেও এ ধরনের অভিনব প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি। এবারের আয়োজনে আমরা বিপুল সাড়া ও অংশগ্রহণ প্রত্যাশা করছি।”
সংবাদ সম্মেলনে হেড অফ ট্যালেন্ট অ্যাকিউজিশন মোস্তফা রায়হানুল আলম, বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন ম্যানেজার অংকিত সুরেকা প্রমুখ উপস্থিত ছিলেন।
