ঢাকাকে স্মার্ট শহর করতে এফবিসিসিআইয়ের তাগিদ
নাগরিক সেবা নিশ্চিত করতে রাজধানী ঢাকাকে দক্ষ সেবাভিত্তিক ও প্রযুক্তিভিত্তিক স্মার্ট শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে এ জন্য সহায়ক ভূমিকা পালন করতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সংগঠনটি মনে করে, প্রযুক্তিকে ব্যবহার করে বিদ্যামান অবকাঠামোকে কিভাবে আরো দক্ষ করে তোলা যায়, এ জন্য সুষ্ঠু পরিকল্পনা এবং এর বাস্তবায়ন জরুরি।
মঙ্গলবার এফবিসিসিআইয়ের আয়োজনে রাজধানীর একটি হোটেলে ‘বিজনেস কনসেপচুয়ালাইজেশন অব স্মার্ট সিটিজ: স্মার্ট সলিউশন টু আরবান ইনফ্রাস্ট্রাকচার এন্ড ট্রাফিক’ শীর্ষক সেমিনারে এসব বিষয়ে জানানো হয়।
এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনায় সহসভাপতি মো. মুনতাকিম আশরাফসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।
ফ্রেডরিখ ন্যুম্যান ফাউন্ডেশন, এফএনএফ এর সহায়তায় এ আয়োজন করা হয়।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকতার মাহমুদ। তিনি তার প্রবন্ধে স্মার্ট সিটির ধারনা এবং রাজধানী ঢাকার বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর চিত্র তুলে ধরেন।
স্মার্ট শহর গড়ে তুলতে আধুনিক পরিবহন সুবিধা, স্বাস্থ্যসেবা,স্যানিটেশন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের পরামর্শ দেন অধ্যাপক আকতার।
আলোচনায় বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আর বেগম, এফএনএফর কান্ট্রি ডিরেক্টর ড. নাজমুল হোসেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহ উদ্দিন, বুয়েটের অধ্যাপক মো. মফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্মার্ট শহর বিষয়ে তাদের ধারণা এবং মতামত তুলে ধরেন।
এফবিসিসিআই এবং এফএনএফ প্রকল্পের আওতায় দেশের শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাত নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সেমিনার, সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
