২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের আয়োজনে রবীন্দ্র সরোবরে নবান্ন উৎসব

শহুরে মানুষকে গ্রামবাংলার ঐতিহ্যের ছোঁয়া দিতে তিন দিনের নবান্ন উৎসবের আয়োজন করেছে প্রাণ আরএফএল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 06:19 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

আগামী বৃহস্পতিবার থেকে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’ শুরু হবে।

মঙ্গলবার রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে উৎসবের নানা আয়োজন। সবার জন্য উন্মুক্ত থাকবে উৎসব।

সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ মিলারসের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ বলেন, প্রাণ চিনিগুড়া চাল দীর্ঘদিন ধরে শহর ও গ্রামের মানুষের সঙ্গে পরিচিত। শহরের প্রজন্মের কাছে নতুন ধানের সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে পরিচয় করার এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে।

পুঁথি পাঠ, গাজীর কিসসা, পালা গান, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, পালকি, লাঠি খেলা ও বানরের নাচসহ দেশীয় সাংস্কৃতির পুরোনো সব আয়োজন থাকবে উৎসবে। থাকবে ঢেঁকি, কুলা, যাঁতাকলসহ অনেক প্রাচীন কৃষি সামগ্রীর প্রদর্শনী। উৎসবে থাকবে ৩০টি পিঠার স্টল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে। সাংস্কৃতিক পর্বে শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, ফকির আলমগীর, আবু বকর সিদ্দিক, লিলি ইসলাম, অনিমা রায়, ফেরদৌসী কাকলীসহ খ্যাতিমানরা গান পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে বঙ্গ মিলারসের ক্যাটাগরি ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান, স্কলারস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এম ই চৌধুরী শামীম, প্রাণ ডেইরির বিপণন কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন।