উত্তরায় চালু ‘ব্র্যাক-কুমনের’ দ্বিতীয় কেন্দ্র
শিশুদের মেধার বিকাশ ও গুণগত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে উত্তরায় ব্র্যাকের শিক্ষা প্রকল্প ‘কুমন’ এর দ্বিতীয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শনিবার উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজের (বিআইএল) পরিচালক সৈয়দা সারওয়াত আবেদ এই কেন্দ্র উদ্বোধন করেন বলে ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ১৯৫৮ সালে জাপানের শিক্ষক তরু কুমন শিক্ষার্থীদের নিজস্ব সামর্থ্য ও মেধা অনুযায়ী গণিত শেখাতে বিশেষ পদ্ধতি চালু করেন, যা ‘কুমন’ নামে পরিচিত। ব্র্যাক-কুমন উদ্যোগের আওতায় এই পদ্ধতি এখন বাংলাদেশে চালু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এই কেন্দ্রে ভর্তি হতে পারবে। বৃহস্পতি ও শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি খোলা থাকবে।
গণিত, সাংগঠনিক নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষিত ও ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজন শিক্ষক প্রতিটি সেন্টারে পাঠদান করেন।
কুমন প্রকল্পের ইনচার্জ নেহাল বিন হাসান বলেন, “অনেক সময় বাচ্চাদের বোঝার ক্ষমতার সঙ্গে পাঠদান পদ্ধতির কিছুটা দূরত্ব থাকে। কুমন মেথড সে বিভেদ কমিয়ে আনতে সহায়তা করবে।”
ব্র্যাক-কুমন কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিদিন ৪৫ মিনিট করে পাঁচটি পর্ব রাখা হয়েছে। একই পরিবারের দুইজন শিক্ষার্থী ভর্তি হলে একজনের বেতনের ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
