নতুন বছরে সব ব্যাংকে শুদ্ধাচারের অনুশীলন
সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে নতুন বছরের প্রথম দিন থেকে দেশের সব ব্যাংককে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য তৈরি ‘কোড অব কন্ডাক্ট’ মেনে চলতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক সোমবার এক সার্কুলারে এই নির্দেশনা জারি করেছে।
ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তৈরি গাইডলাইন্সের আলোকে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।
২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ওই কোড অব কন্ডাক্ট যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সার্কুলারে বলা হয়, “রূপকল্প ২০২১ অনুযায়ী একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। ব্যাংক ও আর্থিক খাতে এ শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘কোড অব কন্ডাক্ট ফর ব্যাংকস অ্যান্ড নন-ব্যাংক ফাইনানশিয়াল ইন্সটিটিউশনস’ নামে একটি গাইডলাইন্স তৈরি করেছে।”
সেই গাইডলাইন্সের আলোকেই ব্যাংকগুলোকে ‘কোড অব কন্ডাক্ট’ তৈরি করে তা মেনে চলতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ওই গাইডলাইন্স পাওয়া যাবে বলে সার্কুলারে জানানো হয়েছে।
দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টায় সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।
