২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হোন্ডার কারখানা উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৫ হেক্টর জমির উপর মোটর সাইকেল উৎপাদন কারখানা নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 10:16 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার গজারিয়ায় আব্দুল মোনেম অর্থনৈতিক এলাকায় এই কারখানার নির্মাণ কাজ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

কারখানার মাটি খনন অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী পরিচালক পবন চৌধুরী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি বিশেষ অতিথি ছিলেন।

জাপানের বিখ্যাত হোন্ডা ২০১৩ সাল থেকে গাজীপুরে একটি ভাড়া কারখানায় যন্ত্রাংশ সংযোজনের কাজ চালিয়ে নিলেও এই প্রথম বাংলাদেশ পুরাদস্তুর একটি ‘স্বয়ংসম্পূর্ণ মোটর সাইকেল উৎপাদন কারখানা’ নির্মাণ করতে যাচ্ছে।

কারখানার দায়িত্বে থাকা হোন্ডার প্রতিনিধি দল সাংবাদিকদের জানায়, ২০১৮ সালের মাঝামাঝি থেকে এই কারখানা নির্মাণ কাজ শেষ হবে এবং মোটর সাইকেল উৎপাদন শুরু করা হবে।

প্রাথমিক ধাপে বছরে এক লাখ মোটর সাইকেল উৎপাদন করা হলেও ২০২১ সালের মধ্যে কারখানার উৎপাদনক্ষমতা দুই লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য হোন্ডার।

বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান বিএইচএল জানিয়েছে, এই কারখানা পুরোপুরি নির্মাণের জন্য ২৩০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই কারখানা বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী আমু।

“হোন্ডা বাংলাদেশে কারখানা নির্মাণ করার মধ্য দিয়ে এ দেশে যে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে এবং এ দেশে বিনিয়োগ যে লাভজনক সে বিষয়টি প্রমাণ করে। আশা করি আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা এই কারখানা মিটাতে পারবে।”

বেজার প্রধান নির্বাহী পবন চৌধুরী বলেন, “আমি অত্যন্ত খুশি যে হোন্ডার মতো কোম্পানি এ দেশে তাদের ঠিকানা খুঁজে পেয়েছে, এরপর শুরু মোটর সাইকেল নয়, চার চাকা-পার্টস কারখানা দেশে স্থাপন হবে।” 

অনুষ্ঠানে জাপানি বিনিয়োগকারীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা বেজার রয়েছে জানিয়ে পবন চৌধুরী বলেন, “এরই মধ্যে জাপানের ২৫৫টির মতো প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করছে, যা ভবিষ্যতে বেড়ে তিন গুণ হবে। ”

কারখানাটি জাপান-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের জন্য ‘উল্লেখযোগ্য ঘটনা’ হিসেবে আখ্যা দেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি।

হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের রিজিওনাল অপারেশনের (এশিয়া ও ওশেনিয়া) প্রধান সিনজি আয়োয়ামা বলেন, “এই কারখানা নির্মাণের কারণে আমাদের মোটর সাইকেল রপ্তানিতে ট্যাক্সের পরিমাণ কমছে, ফলে মোটর সাইকেলের দাম কমে আসবে। এছাড়া উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল দেশীয় জোগানদাতাদের থেকেই নেওয়া হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইউইচিরো ইশিসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।