ঢাকায় ওয়াকফ বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সেমিনার শুরু
‘রিভাইভাল অব ওয়াকফ ফর স্যোশিও ইকনোমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ঢাকায় শুরু হয়েছে।
শনিবার রাজধানীর সোনারঁগাও হোটেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই সেমিনারের উদ্বোধন করেন।
আইডিবি গ্রুপের ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এ কর্মশালায় বাংলাদেশ ছাড়াও ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাপান, সৌদি আরব, মালয়েশিয়া, নিউ জিল্যান্ড, নাইজেরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “উন্নয়নের দীর্ঘমেয়াদী ভিশনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার সম্ভাবনাময় সম্পদগুলো ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যক্রম অব্যাহত রেখেছে। ইসলামী আর্থিক ব্যবস্থায় ইসলামী ব্যাংকিং, ইসলামী মাইক্রো ফাইন্যান্স, যাকাত, ওয়াকফ, সাদাকা, কর্জে হাসানার মত বিষয়গুলো সমাজের আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমকে নিশ্চিত করতে টেকসই উন্নয়ন ও কল্যাণমূলক উদ্দেশ্যকে সুন্দরভাবে সম্পৃক্ত করেছে।”
স্বল্প সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করতে তিনি সবার প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ওয়াকফ ব্যবস্থাটি দারিদ্র্য দূর করে সামাজিক নিরাপত্তাবলয় নিশ্চিত করার সরকারি উদ্যোগ এবং এসডিজি অর্জনকে সহজতর করবে।”
তিনি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে তাদের সামাজিক দায়বদ্ধতামূলক কাজের (সিএসআর) অংশ হিসেবে এ ধরনের অধিকতর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউটের সিনিয়র ইকোনোমিস্ট খলিফা মোহাম্মদ আলী, যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্স ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধ্যাপক কবির হাসান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম।
