২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানিতে কমেছে মোটা চালের দাম

বিদেশ থেকে আমদানি বাড়ায় বাজারে মোটা চালের দাম কমেছে। আমদানিকৃত এসব চাল বিক্রির দর সরকার ঠিক করে দিলে দাম আরও কমত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 08:50 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

তলানিতে ঠেকে যাওয়া চালের সরকারি মুজদ বাড়তে থাকায় দেশি চালের দামও কমছে। মজুদ আরও বাড়লে বাঙালির প্রধান এই খাদ্যশস্যের দাম আরও কমবে বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা।

গত ১ জুলাই থকে ২৯ অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে ৩৫ লাখ ৫১ হাজার ৩০ মেট্রিক টন চাল ও গম আমদানি হয়েছে। গত বছরের ১ জুলাই থেকে গত ৩০ জুন পর্যন্ত আমদানি হয়েছিল ৫৮ লাখ ২৩ হাজার ৪৬০ টন চাল-গম।

অকাল বন্যায় হাওরে ফসলহানিতে চালের দাম বাড়ার পর গত ১ জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বেসরকারিভাবে ১০ লাখ ৪৪ হাজার ৪০ টন চাল এবং ২০ লাখ ৭০ হাজার ৪৬০ টন গম আমদানি হয়েছে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর সরকারি গুদামে পাঁচ লাখ ১৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ।

সরকারি গুদামে বর্তমানে চার লাখ চার হাজার টন চাল এবং এক লাখ ৩২ হাজার টন গম মজুদ আছে। আর বন্দরে খালাসের অপেক্ষায় আছে এক লাখ ৩২ হাজার টন চাল-গম।

কারওয়ান বাজারের মেসার্স বরিশাল রাইস এজেন্সির ম্যানেজার নূরে আলম বলেন, আমদানি করা মোটা চালের সরবরাহ ভালো থাকায় এই চালের দাম কমেছে। মিনিকেট ও নাজিরশাইল চালও কিছুটা কম দামে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে শুক্রবার ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চাল ২৭০০ থেকে ২৯০০ টাকা, নাজিরশাইল ৩০০০ থেকে ৩৫০০ টাকা, আটাশ ২৩০০ থেকে ২৪০০ টাকা এবং গুটি ও স্বর্ণা চাল ১৯০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হয়।

অন্যদিকে চালের বৃহৎ পাইকারি আড়ৎ বাবুবাজারে শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও কয়েকটি দোকানে মিনিকেট ২৭৫০ থেকে ২৯০০ টাকা, নাজিরশাইল ৩০০০ থেকে ৩৫০০ টাকা, আটাশ ২৩০০ টাকা এবং গুটি ও স্বর্ণা ১৯০০ থেকে ২০৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

বাবুবাজারের হাজী বশির রাইস এজেন্সির ম্যানেজার মো. হানিফ বলেন, “ভারত থেকে গুটি ও স্বর্ণা চাল আসায় এসব চালের দাম কমেছে। এই চালের দাম কেজি প্রতি ৫০ টাকায় উঠে গেলেও এখন তা ৩৮ টাকায় বিক্রি করা যাচ্ছে।”

বিদেশ থেকে আমদানি হওয়া চাল সর্বোচ্চ কত শতাংশ লাভে বিক্রি করা যাবে তা সরকার ঠিক করে দিলে চালের দাম আরও কমত বলে মনে করেন একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. রশিদুল ইসলাম।

শুক্রবার কারওয়ানবাজারে চাল কিনতে গিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমদানি করা চাল যদি আরও কম দামে বাজারে বিক্রি হত তাহলে দেশি চালের দাম কমাতে মিলাররা বাধ্য হতেন। আমদানিকারকরা অধিক মুনাফা করে চাল বিক্রি করছেন, ফলে আমাদের মিলাররাও দাম আর কমাচ্ছেন না।”

খাদ্য অধিদপ্তরের পরিচালক (পরিচালক সরবরাহ, বণ্টন ও বিপণন) কাজী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানি করা পণ্য কত শতাংশ লাভে দেশের বাজারে বিক্রি করা যাবে- সে বিষয়ে কোনো নিয়ম নেই।

মহাখালী কাঁচাবাজারের সেলিম রাইস এজেন্সির মালিক মো. ফরহাদ জানান, শুক্রবার খুচরায় গুটি ও স্বর্ণা কেজিপ্রতি ৪৩ টাকা, নাজিরশাইল ৬০ থেকে ৬২ টাকা, মিনিকেট ৫৭ থেকে ৬০ টাকা, দেশি আটাশ ৫২ টাকা এবং ভারতীয় আটাশ চাল ৪৮ টাকায় বিক্রি করছেন।

কয়েকটি বাজারে খুচরা চাল বিক্রিতে কেজিতে এক থেকে দুই টাকা তারতম্য দেখা যায়। একই চাল পাড়া-মহল্লার ছোট ছোট দোকানে বিক্রি হচ্ছে আরেকটু বেশি দামে।

ভারত থেকে আমদানি হওয়ায় মোটা চালের দাম কমেছে জানিয়ে ফরহাদ বলেন, “আমদানি করা চাল আরও কম দামে বিক্রি হলে অন্য চালের দামও কমত। মিলাররা সিন্ডিকেট না করলেও চালের দাম কম থাকত।”

কৃষি বিপণন অধিদপ্তর জানায়, ৩০ অক্টোবর ঢাকার বাজারে পাইকারিতে মোটা চাল ৩৯ থেকে ৪১ টাকা কেজি এবং খুচরায় ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হয়। গত ২৩ অক্টোবরও পাইকারিতে মোটা চাল ৪০ থেকে ৪১ টাকা কেজি এবং খুচরায় ৪৩ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়।

কারওয়ান বাজারের কুমিল্লা রাইস এজেন্সির মালিক আবুল কাশেম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অলি-গলিতে চালের দোকান ছড়িয়ে পড়ায় বিক্রি কিছুটা কমেছে। আগে মাসের ২৫ তারিখ থেকে চালের বস্তা বিক্রি শুরু হলেও এখন ৩ তারিখেও তেমন বিক্রি নেই।

পুরাতন পাইকারদের ব্যবস্যা কেন কমছে সেই ব্যাখ্যাও দেন দীর্ঘদিন কারওয়ানবাজারে চাল বিক্রি করে আসা এই ব্যবসায়ী।

“যে কেউ চাইলেই এখন মিল থেকে চাল আনতে পারে, ফোনে অর্ডার দিলেই মিলাররা দোকানে চাল দিয়ে যায়। এসি করা বড় বড় দোকানেও চাল বিক্রি হচ্ছে। আবার ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমেও নাকি অর্ডার দিলে চাল-ডাল বাড়ি দিয়ে যায়, আমরা যামু কই?”