২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ব্যাংকিংয়ের বিকল্প রাখার পরামর্শ

সাইবার হামলাসহ যে কোনো ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের ব্যাংকগুলোতে অনলাইন ব্যাংকিংয়ের বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে এক অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 10:42 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

বৃহস্পতিবার ঢাকার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে অনলাইন ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে এই পরামর্শ আসে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, “দুর্ঘটনা বা বিপর্যয় ঘটলে অনলাইন ব্যাংকিংয়ের সুরক্ষায় বিকল্প ব্যবস্থা থাকেতে হবে।

“বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে গাইডলাইন তৈরি করেছে। গ্রাহকদের স্বার্থে গাইডলাইনের পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।”

বিআইবিএমের সহযোগী অধ্যাপক সিহাব উদ্দীন খানসহ ৪ সদস্যের একটি দলের ওই গবেষণা প্রতিবেদনে অনলাইন ব্যাংকিং জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এর ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়।

এতে বলা হয়, সাইবার হামলা কিংবা অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্ঘটনায় ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হলে তা মোকাবেলায় দক্ষ জনবলের অভাব রয়েছে ৮০ শতাংশ ব্যাংকে।

এছাড়া আইটি ও সাধারণ ব্যাংকিং বিভাগের মধ্যে সমন্বয় সাধনের অভাব রয়েছে ৮০ শতাংশ ব্যাংকে, দুর্ঘটনা ব্যবস্থাপনায় তহবিলের অভাব রয়েছে ৪৫ শতাংশ ব্যাংকে।

বাংলাদেশের ২৭টি ব্যাংকের উপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিআইবিএম। এরমধ্যে বেসরকারি খাতের ২০টি, রাষ্ট্র মালিকানাধীন ২টি, বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক ২টি এবং বিদেশি ব্যাংক ৩টি।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. শাহ মো. আহসান হাবীব।

বিআইবিএমের সুপারনিউমারির অধ্যাপক হেলাল আহমেদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতের আইটি কর্মকর্তাদের ব্যাংক বিজনেসের নিয়ম-কানুন সম্পর্কে ধারণা থাকতে হবে। একই সঙ্গে শাখা ব্যবস্থাপকদের আরও ভালো ধারণা থাকতে হবে।

বিআইবিএমের সুপারনিউমারির অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াছিন আলী বলেন, ব্যাংকিং খাতে দুর্ঘটনা ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অডিট সিস্টেম বাড়াতে হবে। এছাড়া জেনারেল ব্যাংক কর্মকর্তাদের তথ্য প্রযুক্তি জ্ঞান থাকতে হবে।

কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক দেবদুলাল রায়, সাউথ ইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মাঈনুদ্দিন চৌধুরী।

পুরনো খবর:

সাইবার নিরাপত্তা নিয়ে ‘অজ্ঞ’ বাংলাদেশের ব্যাংক কর্মকর্তারা