বছর শেষে ঘুরে দাঁড়াবে ইসলামী ব্যাংক: আরাস্তু খান
মালিকানায় পরিবর্তন আসার পর নয় মাসে ইসলামী ব্যাংকের আয় কমলেও বছর শেষে চিত্র বদলে যাবে বলে আশা করছেন বেসরকারি ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন।”
ঢাকায় ওয়াকফ্ বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালা আয়োজন উপলক্ষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
বাংলাদেশে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমতে দেখা যায়।
আগের ছয় মাসেও মুনাফা কমেছিল ব্যাংকটির। তার ঠিক আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে ব্যবস্থাপনায় পরিবর্তন আসে।
আরাস্তু খান বলেন, “যথাযথভাবে প্রভিশন দেওয়ায় ইসলামী ব্যাংকের মুনাফা সাময়িক কম দেখালেও এট ব্যাংকের জন্য ভালো।”
আইনের মধ্যে থেকে ‘প্রভিশন কম দেখিয়ে’ মুনাফা বাড়িয়ে দেখাতে পারতেন জানিয়ে তিনি বলেন, তবে তারা তা করেননি।
“আমাদের ফিন্যান্সিয়াল স্টেইটমেন্টে কোনো উইন্ডোড্রেসিং নেই,” বলেন আরাস্তু খান।
৪-৫ নভেম্বর কর্মশালা
‘রিভাইভাল অব ওয়াকফ ফর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে ইসলামী ব্যাংক।
৪ ও ৫ নভেম্বর ঢাকার সোনারগাঁও হোটেলে এই কর্মশালা হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তা উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মশালায় বাংলাদেশসহ ১১টি দেশের গবেষক ও বিশেষজ্ঞরা মোট ২৮টি প্রবন্ধ উপস্থাপন করবেন।
অংশগ্রহণকারী দেশগুলো হল- বাংলাদেশ, ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাপান, সৌদি আরব, মালয়েশিয়া, নিউজিল্যন্ড, নাইজেরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
আইডিবির ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এই আয়োজনে ইসলামী ব্যাংকের সহযোগী।
বিভিন্ন দেশের ওয়াকফ্ বিধি-বিধান পর্যালোচনা, আধুনিকায়ন এবং ওয়াকফ্ সম্পর্কিত শরীয়াহ বাস্তবায়ন, বিভিন্ন দেশের ওয়াকফ্ সম্পদগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এই কর্মশালার উদ্দেশ্য।
