২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেচাকেনায় সরগরম উন্নয়ন মেলা

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য জনপ্রিয় করার উদ্দেশ্যে আয়োজিত উন্নয়ন মেলা তৃতীয় দিনে হাজারো মানুষের সমাগমে জমে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 09:32 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলা ঘুরে দেখা যায়, দেশের প্রান্তিক মানুষের উৎপাদিত তাঁত বস্ত্র, খাদ্য পণ্য, দুগ্ধজাত পণ্যসহ শত শত দেশীয় পণ্য বিক্রিতে জমজমাট মেলা।

তবে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, প্রচার বেশি হলে আরও বেশি ক্রেতা-দর্শক আসত,  বেশি হত বিক্রি।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এই মেলা শুরু হয়েছে গত রোববার; চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

মেলায় নানা পসরা দিয়ে স্টল সাজিয়েছে এনজিও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। এ স্টলে পপির সদস্যদের উৎপাদিত জুতা, শার্ট, পাঞ্জাবি, বিস্কুট, মুড়ি, পাটি, ব্যাগ, গামছা এবং আচারসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।

পপির প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান বলেন, “বিক্রি হচ্ছে আশানুরুপ। তবে মেলায় সাধারণ মানুষ নেই। পিকেএসএফ বা ক্ষুদ্র ঋণের সঙ্গে জড়িত এনজিও বা সংশ্লিষ্টরাই মেলায় আসছেন।”

শতাধিক আইটেম নিয়ে স্টল সাজিয়েছে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’। সংস্থাটির সহকারী ব্যবস্থাপক শেখ জাহিদ জানান, মেলার তিন দিনে গড়ে প্রায় ৫০ হাজার টাকা করে বিক্রি হয়েছে। বিক্রির পুরো অর্থই উদ্যোক্তাদের বুঝিয়ে দেওয়া হবে। তবে খরচ কাটা হবে।

মেলায় অংশগ্রহণকারী ‘পল্লী প্রগতি সহায়ক সমিতির’ স্টলেও দেখা যায় শতাধিক পণ্য।

সংস্থাটির জোনাল ম্যানেজার মোহা. ইসহাক সরদার বলেন, “আমাদের মোট ৭৫ হাজার সদস্য রয়েছে। এরমধ্যে ৫৬ হাজার সদস্য ক্ষুদ্রঋণের সঙ্গে জড়িত। এসব ঋণ গ্রহীতাদের অনেকেই উৎপাদনের সঙ্গে জড়িত। তাদের পণ্য জনপ্রিয় করতে পারলে তাদের উৎপাদন বাড়বে। ঘুচবে দারিদ্র্য।”

মেলায় আসা ক্রেতা শিউলি আমিনের সঙ্গে কথা বলে জানা গেল তার স্বামী এনজিওতে চাকরি করেন বলেই তিনি মেলায় এসেছেন। তবে কেনাকাটা যা করেছেন তা বাজারের তুলনায় কম মূল্যে কিনেছেন বলে জানান।

গৃহবধু আফরোজা আক্তার বলেন, “আমি বিজ্ঞাপন দেখে মেলায় এসেছি। এখানে দেশের খুব ভালো ভালো পণ্য পাওয়া যাচ্ছে। দাম বাজারের তুলনায় কম। বছরে দুইবার দেশীয় এ মেলার আয়োজন করা হলে উদ্যোক্তারা লাভবান হবেন।”

এদিকে মেলায় প্রতিদিন আসা ক্রেতা-দর্শকের সংখ্যা জানতে চাইলে পিকেএসএফর জনসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, যেহেতু টিকেটের ব্যবস্থা রাখা হয়নি তাই কত দর্শক-ক্রেতা আসছেন তার হিসাব তাদের কাছে নেই।

প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রচার কম হয়নি। বেশ কিছু দৈনিক ও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।”