এটুআই, মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়ার মধ্যে সমঝোতা চুক্তি
দেশব্যাপী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে আর্থিক সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গ্রামাঞ্চলে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে আর্থিক সুবিধা পৌঁছে দিতে এই সমঝোতা স্মারক সই করা হয় বলে চুক্তিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।
সমঝোতা স্মারকের আওতায় এটুআই ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্মকে সহায়তা করবে। ব্যাংক এশিয়া লিমিটেড এক্ষেত্রে মাস্টারকার্ড ব্যবহার করে ওই সেবা দিতে পারবে। এভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে সহায়তা করবে এটুআই।
এটুআই দেশের দরিদ্র জনগোষ্ঠীর সাথে আর্থিক সেবা প্রদানকারী সংস্থাগুলোর সংযোগ ঘটিয়ে দেওয়ার মাধ্যমে দরিদ্রমুখী প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা কার্যক্রমও জোরদার করবে। এই সেবা চালু ও জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেবে মাস্টারকার্ড।
অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে সরকারি সেবার মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগণের সরকারি সেবা পেতে সময়, খরচ ও যাতায়াতও কমবে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এটুআই ও ব্যাংক এশিয়ার সাথে এই ত্রিপক্ষীয় চুক্তি মাস্টারকার্ডকে আরও শক্তিশালী করে তুলবে, যা ব্যাংকিং সেবা বহির্ভূত জনগোষ্ঠীর হাতে বিশদ পরিসরের পেমেন্ট অপশন তুলে দিতে পারবে।
