বিপিএল লাইভ স্ট্রিমিং অ্যাপ ‘র্যাবিটহোল’ উদ্বোধন
বিপিএল উপভোগের ডিজিটাল মাধ্যম লাইভ স্ট্রিমিং অ্যাপ ‘র্যাবিটহোল’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
সোমবার ঢাকার স্থানীয় এক হোটেলে এই অ্যাপ উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অ্যাপ তৈরির প্রতিষ্ঠান কনটেন্ট ম্যাটার্স।
প্রতিষ্ঠানটির পরিচালক আমান আশরাফ ফাইয়াজ বলেন, “আসন্ন বিপিএলের পঞ্চম আসর এক্সক্লুসিভলি দেখা যাবে র্যাবিটহোল অ্যাপে। শুধু লাইভ খেলাই নয়, বিপিএল নিয়ে আয়োজিত টিভি অনুষ্ঠান, হাইলাইটস, স্পেশাল মোমেন্টস সবই অ্যাপে পাওয়া যাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনটেন্ট ম্যাটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহউদ্দিন চৌধুরী, পরিচালক ইরেশ জাকের, প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ।
গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যাপটি অ্যান্ড্রয়েড (https://goo.gl/voKvp7) I iOS ( https://goo.gl/vJjyyL ) ভার্সনে।
অনুষ্ঠানে জানানো হয়, র্যাবিটহোল ‘অ্যাপটি মার্কেটে আসার অনেক আগে ২০১৫ সালে র্যাবিটহোল নামেই তৈরি হয় ইউটিউব চ্যানেল, যেখানে প্রথমবারের মত বাংলাদেশে ক্রিকেট খেলা সরাসরি দেখানো হয়।
২০১৬ সালের এশিয়া কাপে রেকর্ড দেড় লক্ষাধিক মানুষ একইসাথে এখানে খেলা দেখে।
বিগত দুই বছরে টাইগারদের হোম ও অ্যাওয়ে সিরিজের সব খেলা সরাসরি সম্প্রচার করেছে র্যাবিটহোল ইউটিউব চ্যানেল। এরই ধারাবাহিকতায় এবার র্যাবিটহোল অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।
র্যাবিটহোলে শুধু বিপিএলই নয়, উপভোগ করা যাবে নাটক, টেলিফিল্ম, কার্টুন, সিনেমাসহ আরো অনেক কিছু।
