নভেম্বরে বাংলাদেশের বাজারে আইফোন ৮
নভেম্বরে বাংলাদেশের বাজারে আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৮’ ও ‘আইফোন-৮ প্লাসের’ আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু হতে যাচ্ছে।
বিশ্ববাজারে আত্মপ্রকাশের দুইমাস পর বাংলাদেশে এর বিপণনের ঘোষণা দিল আইফোনের অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেড-সিপিএল।
মঙ্গলবার রাজধানীর গুলশানে সিপিএল কার্যালয়ে এক অনুষ্ঠানে পরিবেশক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, আগামী ২ নভেম্বর থেকে বাংলাদেশের বাজারে আইফোনের নতুন সংস্করণ আইফোন-৮ ও আইফোন-৮ প্লাস ছাড়ছেন তারা।
তিনি বলেন, বিশ্ব নন্দিত ব্র্যান্ড আইফোনের বড় বাজার রয়েছে বাংলাদেশে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কম দামে নকল, পুরনো, ব্যবহৃত আইফোন গ্রাহককে ধরিয়ে দেওয়ায় এর প্রকৃত চাহিদা নিরূপণ করা যাচ্ছে না।
সিপিএল গত তিন বছর ধরে দেশের বাজারে ক্রমবর্ধমানভাবে আইফোন বিক্রি করছে জানিয়ে রাকিবুল বলেন, প্রতরণা এড়াতে গ্রাহকদের উচিত সিপিএল ও এর সঙ্গে চুক্তিবদ্ধ পরিবেশকদের কাছ থেকে প্রকৃত মূল্যে হ্যান্ডসেট কেনা।
“এতে তিনটি লাভ। সরকার সঠিকভাবে রাজস্ব পাবে। কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই তা ঠিক করে দেওয়া যাবে। সেট নকল হবে এমন ঝুঁকি থাকবে না।”
২ নভেম্বর থেকে সব পরিবেশকের কাছে আইফোন-৮ পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, মোবাইল ফোন অপারেটর রবি, গ্রামীণফোন, বাংলালিংক, প্রযুক্তি প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার, এক্সিকিউটিভ মেশিন, কম্পিউটার সোর্স, আই সেন্টার, মোবাইল বার্ড এবং অনলাইন বিপণন পিকাবোতে আইফোনের নতুন সেটগুলো পাওয়া যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সাল থেকে দেশের বাজারে স্বল্প পরিসরে চলছে আইফোনের বিপণন। ওই বছর এক হাজার ১৫০টি, পরের বছর নয় হাজার ৭৮৯টি, তার পরের বছর ২০১৬ সালে ১৬ হাজার ৩০০টি আইফোন বিক্রি হয় দেশের বাজারে।
এ পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশের বাজার ঘুরে গেছেন আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের কর্মকর্তারা। চলতি বছর থেকে ঘোষণা দিয়ে সেট বিক্রির অনুমোদনও দিয়ে যান তারা।
