ছুটির দিনে বাড়তি বিক্রির আশা আবাসন মেলায়
হরেক রকমের অফার নিয়ে মেলায় হাজির হয়েছেন আবাসন ব্যবসায়ীরা; যেখান থেকে পছন্দ করে ফ্ল্যাট-প্লট কিনতে কিংবা বুকিং দিতে পারছেন ক্রেতারা।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে তিন দিনের আবাসন ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা রিয়েল এস্টেট এক্সপো ২০১৭।
মেলার আয়োজকরা জানান, অষ্টাদশ মেলার দ্বিতীয় দিন শুক্রবার উপস্থিতি আগের দিনের তুলনায় বেশি হওয়ায় বাড়তি বিক্রির আশা তাদের মনে।
ছুটির দিন সকালে উত্তরা থেকে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসেন ব্যবসায়ী এম রব্বানী। মেলাপ্রাঙ্গণ ঘুরে ইউএস-বাংলা অ্যাসেটের পূর্বাচল আমেরিকান সিটির খোঁজখবর করে বিপিএল হাউজিং লিমিটেডের স্টলের সামনে কথা হয় তার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পূর্বাচলের দিকে প্লট দেখার জন্য এখানে এসেছি। ঘুরে দেখছি, খোঁজখবর করছি। পছন্দ হলে পরে যোগাযোগ করে বুকিং দিব।”
“তাদের কার্যক্রমের নানাদিক দিক দেখছি।”
তবে প্লট বা ফ্ল্যাট কিনলেও আবাসন ব্যবসায়ীরা ঠিক সময়ে তা ক্রেতার কাছে হস্তান্তর করতে পারে না বলে সাধারণ অভিযোগের কথা শোনালেন তিনি। তাদের প্রতিশ্রুতি যেন বহাল থাকে সেই প্রত্যাশা আবদুল খালেকের।
বসুন্ধরা আবাসিক এলাকা কেন্দ্রিক আবাসিক ও ব্যবসায়িক ফ্ল্যাটের ‘প্রমোশনকে’ কেন্দ্র করে মেলায় কার্যক্রম পরিচালনার কথা জানান রূপায়ন হাউজিং এস্টেটের সহকারী ব্যবস্থাপক (সেলস) মোতালেব হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বসুন্ধরা এলাকায় আমাদের ১০৭ কাঠার আবাসিক কন্ডোমিনিয়াম প্রজেক্ট আছে। সেখানে অ্যাপার্টমেন্টের পাশাপাশি খেলার মাঠ, সুপারশপ, মেডিসিন সেন্টার ও মসজিদ থাকবে। ৯০ কাঠা ও সাড়ে ৪২ কাঠার দুইটি কমার্শিয়াল প্রজেক্টও আছে।”
আবাসিক প্রকল্পের ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে মোতালেব বলেন, “মেলায় বুকিং দিলে আমরা সব প্রজেক্টে ১০ শতাংশ করে ছাড় দিচ্ছি। আবাসিক প্রকল্পটি ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।”
মানুষের কাছে মেলায় ‘আশানুরূপ সাড়া’ পাওয়ার কথা জানান তিনি।
মেলার স্টলে বিপিএল হাউজিংয়ের এক্সিকিউটিভ মিলাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বাচল বিপিএল টাউনে প্লট বিক্রির বিষয় প্রদর্শন করছি আমরা। ৪০০ বিঘার পরিকল্পনা নিয়ে এই প্রকল্পে ১০০ বিঘা কেনা আছে। এই ১০০ বিঘার ৫০ শতাংশের মতো বিক্রি হয়েছে। আরও ১০০ বিঘার মতো বায়না করা আছে, আমাদের হাতে আসার অপেক্ষায়।”
বিক্রির পাশাপাশি প্রমোশনের জন্য মেলায় আসার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের এই সিঙ্গেল প্রজেক্ট। ক্রয়কৃত জমিতে মাটি ভরাটের কাজ চলছে। তিন ও পাঁচ কাঠার প্লট। প্রতি কাঠার দাম ৯ লাখ টাকা করে। এখন যেগুলো বুকিং দেওয়া হচ্ছে সেগুলো ২০২০ সালের মধ্যে হস্তান্তর করতে পারব আমরা।”
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার তিনটি হলে চলছে তিনদিনের ‘১৯তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৭’, ‘১৪ তম সোলার বাংলাদেশ এক্সপো ২০১৭’, ‘২১তম কন-এক্সপো বাংলাদেশ ২০১৭’, ‘১৮তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ ২০১৭’, ‘২য় ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০১৭’, এবং ‘ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’।
মেলার আয়োজক সেমস গ্লোবালের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস নঈম আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিয়েল এস্টেট এক্সপোতে রিয়েল এস্টেট খাতের ১৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যার মধ্যে দেশের পিওর রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ১২টি আর দেশের বাইরের দু’টি। আর বাকী চারটি কনসালটেন্সি ও আবাসন খাতে অর্থায়নকারী প্রতিষ্ঠান।”
“ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি শুক্রবার সকালে বেড়েছে। বিকালের দিকে আরো বাড়বে বলে আশা করছি”, মেলার সকালে বলে তিনি।
