ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে
আগামী বছরের জুলাই নাগাদ ভেড়ামারা-বিরামপুর সংযোগ লাইন দিয়ে ভারত বাংলাদেশকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন।
তিনি বলেছেন, আসাম থেকে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের পূর্বাঞ্চলে (বড়নগর-পার্বতীপুর-কাতিহার) ৭৬৫ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এটা হলে সেখান থেকেও একটা অংশ বিদ্যুৎ বাংলাদেশ পাবে।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার ১৯তম পাওয়ার বাংলাদেশ অ্যান্ড অ্যালাইড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের মহাপরিচালক রাজীব সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি বিক্রি করা ভারতের ৪৬টি কোম্পানি এই এক্সপোতে অংশ নিয়েছে।
২০১৩ সাল থেকে ভেড়ামারা-বিরামপুর বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়ে ভারতের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে বাংলাদেশের জাতীয় গ্রিডে। এছাড়া ত্রিপুরা-কুমিল্লা বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়েও ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে।
