হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনা চান ব্যবসায়ীরা
ব্যবসা সহায়ক ও হয়রানিমুক্ত আয়কর ব্যবস্থা প্রণয়ন করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার নতুন আয়কর আইন নিয়ে এফবিসিসিআই নেতাদের সঙ্গে এনবিআরের মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান ফেডারেশন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
নতুন আয়কর আইন প্রণয়নের আগে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে ব্যবসায়ীদের সঙ্গে এই বৈঠক করল এনবিআর।
এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ছাড়াও এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, কয়েকজন পরিচালক, এনবিআরের আয়কর নীতি বিভাগের সদস্য পারভেজ ইকবাল ও কর প্রশাসন বিভাগের সদস্য আবদুর রাজ্জাক মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ীরা যথাযথ প্রক্রিয়ায় কর দিতে আগ্রহী। তবে তারা এক্ষেত্রে কর্মকর্তাদের যেকোনো ধরনের হয়রানিমূলক কাজের বিরোধী।
নতুন আয়কর আইনের প্রাথমিক খসড়া বাংলা ও ইংরেজিতে প্রকাশ করার পরামর্শ দিয়ে শফিউল বলেন, বাংলা অনুবাদেও সহজ, সাবলীল, ব্যবহার-বান্ধব শব্দচয়ন করা প্রয়োজন। এতে আইনটি সবার কাছে সহজবোধ্য হবে।
আয়করের প্রবৃদ্ধি বাড়াতে করদাতাদের ওপর বোঝা না বাড়িয়ে নতুন নতুন করদাতা খুঁজে বের করার পরামর্শও ছিল এই ব্যবসায়ী নেতার।
“বর্তমানে ট্যাক্স জিডিপি রেশিও ১০ শতাংশের মত এবং ইটিআইএনধারীর সংখ্যা প্রায় ৩০ লাখ ৩৬ হাজার। এর মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র ১৬ লাখ, যা মোটেও আশানুরূপ নয়।”
শিল্পের মৌলিক কাঁচামালের উপরে ৫ শতাংশ অগ্রীম আয়কর আদায়েরও বিরোধীতা করেন ব্যবসায়ীরা।
সভায় শফিউল বলেন, “এটা আয়কর আইনের মূলনীতির পরিপন্থী। ব্যবসা-বান্ধব আয়কর আইন প্রণয়ন করতে হলে এ ধরনের বিধান আইনে থাকা উচিত নয়।”
