ইউনিলিভার বিজমায়েস্ট্রোসে সেরা ঢাবির আইবিএ
সারাদেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ‘ইউনিলিভার বিজমায়েস্ট্রোস ২০১৭’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দল ‘হোয়াই নট’।
বুধবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে পাঁচ দলের অংশগ্রহণে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়, যাতে বিজয়ী হয় আইবিএর দলটি।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে আইবিএর আরেক দল ‘ওয়াচম্যান’ এবং তৃতীয়স্থান অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালসের (বিইউপি) দল ‘সেকেন্ড স্ট্রিং’।
সেরা তিন দলের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার কেদার লেলে এবং হেড অব হিউম্যান রিসোর্স কুনাল শর্মা।
বিজয়ী আইবিএর দলটি বিশ্বের ৪০টিরও বেশি দেশের অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিতব্য ‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ-২০১৮’ তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
শিক্ষার্থীদের বাস্তব জীবনের ব্যবসায়িক অভিজ্ঞতা দিতে ২০১০ সাল থেকে বিজমায়েস্ট্রোস আয়োজন করে আসছে ইউনিলিভার। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্র্যান্ড সংশ্লিষ্ট কল্পিত ইস্যু সমাধান করতে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিলিভার বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার কেদার লেলে বিজমায়েস্ট্রোস আয়োজনের পেছনে তাদের লক্ষ্য তুলে ধরতে গিয়ে বলেন, “আমাদের লক্ষ্য দেশের সেরা ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টদের বের করে আনা, শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা দেওয়া ও সেই সাথে বিশ্ব মঞ্চে বাংলাদেশের মেধাবী তরুণদের তুলে ধরা।”
তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের জন্য ২০টি দল নির্বাচন করা হয়, এ পর্বে তাদের ‘নর নুডুলসের’ উপর ইউনিক প্রপোজিশনের কাজ দেওয়া হয়।
দ্বিতীয় পর্বের সেরা ১২ দলেকে ‘পিউর ইট-ওয়াটার পিউরিফায়ারের’ মার্কেটিং ক্যাম্পেইনের কাজ দেওয়া হয়, এই ধাপে প্রতিযোগিরা ক্রেতা-বিক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পায়।
প্রতিযোগিতার শেষ পর্বে দলগুলোকে তাদের তৈরি করা পিউরইটের মার্কেটিং ক্যাম্পেইনের কার্যকারিতা বাস্তবিক ব্যবসায়িক পরিস্থিতিতে পরীক্ষা করে দেখাতে হয়।
