ওয়ালটনের শক্তিশালী ব্যাটারির নতুন সেলফি ফোন
শক্তিশালী ব্যাটারির নতুন সেলফি ফোন আনল ওয়ালটন।
বুধবার ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যারা ভালো মানের সেলফি ও ছবি এবং দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এটি হবে একটি সেরা ফোন।
সেইসঙ্গে যারা সাশ্রয়ী দামে ফিঙ্গারপ্রিন্ট ও ফোরজিসহ অন্যান্য অত্যাধুনিক সব ফিচার খোঁজেন তাদের জন্যও আদর্শ হ্যান্ডসেট ‘প্রিমো এস সিক্স’ মডেলের নতুন এই ফোন।
মঙ্গলবার থেকে দেশের সব ওয়ালটন প্লাজা এবং মোবাইল ব্র্যান্ড আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে। দাম মাত্র ১৫ হাজার ৫৯০ টাকা। ফোনটি মিলছে কালো ও সোনালি রঙে।
‘এস সিক্স’ মডেলের নতুন এই স্মার্টফোনে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের পেছনে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৫ দশমিক ২ ইঞ্চির অন সেল আইপিএস প্রযুক্তির এইচডি ডিসপ্লে।
চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ। এতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, যা পাওয়ার ব্যাংকের কাজ করবে। ফলে জরুরি প্রয়োজনে ফোনটি থেকে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।
ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যাচ্ছে সব মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও কেনার সুযোগ থাকছে।
