আন্দোলনে নামছে একসেঞ্চারের চাকরিচ্যুত কর্মীরা
ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বাংলাদেশে কাজ গুটিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান একসেঞ্চারের চাকরিচ্যুত সাড়ে তিনশ কর্মী।
একসেঞ্চার এমপ্লয়িজ ইউনিয়ন ব্যানারে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলা হয়, অন্তত ৬০ মাসের বেসিক বেতন না পেলে আগামী নভেম্বর থেকে তারা বৃহত্তর কর্মসূচি দেবেন।
প্রথমে মানববন্ধন দিয়ে শুরু করে তাতে দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচির হুমকিও দেন চাকরিচ্যুত এই কর্মীরা।
সংবাদ সম্মেলনে একসেঞ্চার এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ বলেন, একসেঞ্চার তাদের ক্ষতিপূরণ হিসেবে ‘যৎসামান্য অর্থ’ দিয়ে দায় এড়াতে চাইছে।
২০১৩ সালে টেলিনরের মালিকানাধীন জিপিআইটির ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়ে একসেঞ্চার বাংলাদেশে যাত্রা শুরু করে; কোম্পানির নাম হয় একসেঞ্চার কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস লিমিটেড (এসিআইএসএল)।
একসেঞ্চারের মতো বড় কোম্পানির আগমনকে সে সময় দেখা হচ্ছিল আউটসোর্সিংয়ের কাজে বাংলাদেশ ক্রমশ আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠার নমুনা হিসেবে।
কিন্তু চার বছরের মাথায় গত ১৭ জুলাই এসিআইএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসী ঢাকায় তাদের ৫৫৬ জন কর্মীকে ই-মেইল পাঠিয়ে কার্যক্রম গুটিয়ে নেওয়ার বিষয়টি জানান। তাদের সর্বশেষ কর্মদিবস হবে ৩০ নভেম্বর।
সংবাদ সম্মেলনে শাহিন বলেন, “এই উদ্দেশ্যে তারা কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৩০ মাসের বেসিক বেতন, যা সর্বসাকুল্যে ১ বছরের মূল বেতনের সমান নয়, তা দিয়ে দফারফা করার অপপ্রয়াসে লিপ্ত।
“একসেঞ্চার এমপ্লয়িজ ইউনিয়ন সার্বিক অবস্থা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত ৬০ মাসের বেসিক বেতন প্রদানের আহ্বান জানায়। কিন্তু এতে কর্তৃপক্ষ সায় দিচ্ছে না।”
একসেঞ্চার এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ইব্রাহীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একসেঞ্চার বাংলাদেশ লিমিটেড কর্মকর্তা -কর্মচারীরা ৫ শতাংশ প্রফিট শেয়ার থেকেও বঞ্চিত করেছে।
তিনি জানান, একসেঞ্চার থেকে চাকরিচ্যুত ৫৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৯০ জন গ্রামীণফোনের নতুন ব্যবসায়িক পার্টনার উইপ্রোতে যোগদান করলেও বাকি ৩৫০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
