তরুণ ব্যবসায়ী নেতৃত্ব খুঁজবে ‘ফিনউইটজ ২০১৭’
তরুণ ভবিষ্যৎ ‘ব্যবসায়ী নেতৃত্ব’ খুঁজে বের করতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘ফিনউইটজ ২০১৭’ নামের একটি প্রতিযোগিতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট কমিউনিকেশন্স ক্লাব (আইবিএসিসি) এর আয়োজক।
মঙ্গলবার আইবিএ কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার কথা জানান আইবিএর পরিচালক এ কে এম সাইফুল মজিদ।
ফিনউইটজের আয়োজক আইবিএসিসির পক্ষ থেকে জানানো হয়, ১৩ নভেম্বর প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে, যাতে সারা দেশের ব্যবসা শিক্ষায় স্নাতকের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় একই বিশ্ববিদ্যালয়ের একাধিক দল (চার সদস্য বিশিষ্ট) অংশ নিতে পারবে, তবে দলের সদস্যদের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
প্রতিযোগিতার প্রথম পর্ব অনলাইনে (www.lrglobal.com/finwitz) অনুষ্ঠিত হবে, যা থেকে ৪২টি দলকে দ্বিতীয় পর্বের জন্য বাছাই করা হবে। তৃতীয় পর্বে থাকবে ১৮টি দল।
প্রতিযোগিতার শেষ পর্ব ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে সেরা ছয় দল অংশ নেবে।
আইবিএসিসি থেকে জানানো হয়, মূল পর্বে বিজয়ীদল পাবে দেড় লাখ টাকার প্রাইজমানি, দ্বিতীয় ও তৃতীয় দল যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পাবে।
সংবাদ সম্মেলনে আইবিএর পরিচালক সাইফুল মজিদ বলেন, “আমাদের দেশে অনেক মেধাবী তরুণ আছে যারা সঠিক যত্ন ও সুবিধার অভাবে নিজেদের মেধাকে কাজে লাগাতে পারছে না, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ভবিষ্যৎ বিজনেস লিডারদের খুঁজে বের করব।”
ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজে বের করার লক্ষ্যে এই প্রতিযোগিতা একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেবে বলে জানান ফিনউইটজের সার্বিক আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদ হাসান।
“এই প্রতিযোগিতায় মূলত শিক্ষার্থীদের আলাপ-আলোচনা, যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা দেখা হবে,” বলেন ফিনউইটজ আয়োজক আইবিএসিসির মডারেটর অধ্যাপক রেজাউল করিম।
সংগঠনটি ১৫ বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে ।
প্রতিযোগিতা সম্পর্কিত যাবতীয় তথ্য আইবিএসিসির ফেইসবুক পেইজে পাওয়া যাবে বলেও জানান তিনি।
