২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারের দোহায় যাবে ইউএস-বাংলার ফ্লাইট

ঢাকা ও চট্টগ্রাম থেকে কাতারের রাজধানী দোহায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজ্স্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 03:22 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর থেকে কাতারের রাজধানী দোহায় ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা রুটে ফ্লাইট চলবে।

ঢাকা-দোহা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪ হাজার ৩৫০ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ২০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-দোহা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৫ হাজার ৩১৭ টাকা এবং রিটার্ন ভাড়া ৪১ হাজার ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে সোম, বুধ, শুক্র ও রোববার ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় এবং চট্টগ্রাম থেকে ৭টা ৩০ মিনিটে দোহার উদ্দেশে ছেড়ে ইউএস-বাংলার উড়োজাহাজ দোহার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে সেখানকার বিমানবন্দরে পৌঁছাবে।

এছাড়া দোহা থেকে সোম, বুধ, শুক্র ও রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ছেড়ে পরদিন সকাল ৮টায় চট্টগ্রাম ও সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-দোহা-ঢাকা ও চট্টগ্রাম-দোহা-চট্টগ্রাম রুটে ১৬৪ আসনের নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে আটটি বিজনেস ক্লাস এবং ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।