মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে পর্যটনে উল্লম্ফন হবে: মেনন
পরিকল্পিত পর্যটন উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই শিল্পে উল্লম্ফন ঘটবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপী ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ অতিথিপরায়ন। এ দেশের মানুষের অতিথিপরায়নতার কথা সর্বজনবিদিত। হাসিমুখে অনুপম এ আতিথেয়তাকে পর্যটন বিকাশের প্রথম আকর্ষণে পরিণত করে পর্যটনকে আমাদের সংস্কৃতির অংশে পরিণত করতে হবে।”
এ দেশের পাহাড়-নদী-সমুদ্র সমতল-ষড়ঋতু-প্রকৃতিকে ‘ট্যুরিস্ট প্রডাক্ট’ হিসেবে গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।
মাসিক পর্যটন বিচিত্রার সম্পাদক মহিদউদ্দিন হেলালের সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিসির চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন প্রমুখ।
মেলায় ১২০টি স্টল রয়েছে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা হলেও ছাত্রছাত্রীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
