২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলএনজি আমদানিতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

এলএনজি আমদানি করতে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘গানভর সিঙ্গাপুরের’ সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে পেট্রোবাংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2017, 07:11 PM

Updated : 12 Apr 2022, 12:21 AM

মঙ্গলবার পেট্রোবাংলা ভবনে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও গানভর সিঙ্গাপুরের এলএনজি বিষয়ক প্রধান লুক স্পিলিভেলড চুক্তিতে স্বাক্ষর করেন।

আগামী বছরের এপ্রিলে গ্রাহক পর্যায়ে এলএনজি সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য এরই মধ্যে চারটি দেশ-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আমদানি চুক্ত করেছে পেট্রোবাংলা।

অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “প্রাইভেট সেক্টরসহ সবক্ষেত্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে সরকার। এক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানে এলএনজি ব্যবহার করা হবে। এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজও চলছে।”

আগামী এপ্রিল থেকে এক্সেলারেট এনার্জির ৫০০ এমএমসিএফডি এলএনজি প্রথমবারের মতো সরবরাহ লাইনে যুক্ত হবে বলে আশা করছে সরকার। এছাড়া সামিট এলএনজি, রিলায়েন্স ও হংকং সাংহাই মানজালা নামের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আমদানি চুক্তি হয়েছে।

অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর ফয়জুল্লাহ, জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।