২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কনটেন্ট প্রতিভা অন্বেষণে ‘বাংলালিংক নেক্সট টিউবার’

ভিডিও কনটেন্ট ভিত্তিক প্রতিভা অন্বেষণে ডিজিটাল রিয়েলিটি শো ‘বাংলালিংক নেক্সট টিউবার’ নিয়ে এল মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 02:40 PM

Updated : 11 Oct 2022, 02:32 PM

সোমবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে অপারেটরটি জানায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক এ রিয়েলিটি শোর মাধ্যমে বেছে নেওয়া হবে প্রতিভাবান ভিডিও কনটেন্ট নির্মাতাদের।

ওয়েবসাইটে শর্তাবলী অনুসরণ করে যে কোনো বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

এ জন্য প্রতিযোগীকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করে ভিডিওটির ইউআরএল এন্ট্রি হিসাবে ‘বাংলালিংক নেক্সট টিউবার’র ওয়েবসাইট https://www.banglalink.net/en/next-tuber এ সাবমিট করতে হবে।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া বলেন, “ডিজিটাল এন্টারটেইন্টমেন্ট ও উদ্যোক্তাভিত্তিক মনোভাবের সমন্বয়ের মাধ্যমে পরবর্তী প্রজন্মের ডিজিটাল পারফর্মারদের অন্বেষণের জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে বাংলালিংক।

“এই অসাধারণ উদ্যোগের মাধ্যমে আমরা দ্রুতগতির ইন্টারনেটের সুবিধাও তুলে ধরতে পারব। ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তর ও ডিজিটাল বৈষম্য হ্রাস করার একটি প্রয়াস হিসেবে আমরা এই উদ্যোগ গ্রহণ করছি।”

বাংলালিংকের কমিউনিকেশন ডিরেক্টর আসিফ আহমেদ বলেন, “এর লক্ষ্য হল উৎকৃষ্ট মানের ভিডিও কন্টেন্ট নির্বাচিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে অনলাইনে উপস্থিতি বাড়াতে উদ্বুদ্ধ করা।”

আসিফ আহমেদ জানান, সুনিয়ন্ত্রিত নির্বাচন প্রক্রিয়া, অভিজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ ও তীব্র প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত চূড়ান্ত বিজয়ী পাবেন বাংলালিংকের ডিজিটাল অ্যাম্বাসেডর হওয়া এবং সিঙ্গাপুরে গুগলের হেড কোয়ার্টারে প্রশিক্ষণের সুযোগ।

এছাড়া বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় প্রাইজ মানিসহ অন্যান্য উপহার। প্রথম ও দ্বিতীয় রানার-আপের জন্যও থাকছে প্রাইজ মানি। এর পাশাপাশি প্রথম তিন বিজয়ী বাংলালিংকের ডিজিটাল সার্ভিসের জন্য এক্সক্লুসিভ কনটেন্ট তৈরির সুযোগ পাবেন।

‘বাংলালিংক নেক্সট টিউবার’ ডিজিটাল জীবনযাত্রার সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি ভিডিও কনটেন্টের প্রচার ও প্রসারে সহায়তা করবে এবং আগামী দুই মাসের মধ্যে এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন আসিফ আহমেদ।

বাংলালিংক বাংলাদেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, যার রয়েছে ৩ কোটি ২০ লাখের বেশি গ্রাহক। এটি নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।