উদ্ভাবনী ডিজিটাল সেবা আনতে রবি-উবার চুক্তি
গ্রাহকদের উদ্ভাবনী ডিজিটাল সেবা দিতে চুক্তিবদ্ধ হয়েছে মোবাইল ফোন অপারটের রবি এবং অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার।
রোববার রাজধানীর রবি করপোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং উবারের ইন্ডিয়া অ্যান্ড এমার্জিং মার্কেটসের চিফ বিজনেস অফিসার মধু কানন এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় করেন।
অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওতায় রবি ও এয়ারটেল গ্রাহকরা উবারের সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
গ্রাহক ও পার্টনারদের নতুন নতুন ডিজিটাল সেবা এবং কো-ব্র্যান্ডেড প্রডাক্ট দিতে এ চুক্তি সহায়ক হবে বলে তাদের প্রত্যাশা।
এছাড়া গাড়ি চালকরা রবি ওয়াক-ইন-সেন্টারে (ডব্লিওআইসি) সহজেই উবারে নিবন্ধিত হতে পারবেন এবং রবির বিশেষ সিম কার্ড ও ডেটা প্যাক উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চামারা থিলক মানামপেরি এবং করপোরেট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, “আমাদের বিশ্বাস, আমরা গ্রাহকদের জন্য বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা চালু করতে পারব। গ্রাহকদের সেরা সেবাটি দিতে এ চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে।”
উবার ইন্ডিয়া অ্যান্ড এমারজিং মার্কেটসের চিফ বিজনেস অফিসার মধু কানন বলেন, “উবার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এমন একটি অংশীদারিত্ব তৈরি করতে যার মাধ্যমে আমাদের যাত্রী ও চালকরা উপকৃত হতে পারে। সাইন আপের প্রক্রিয়া যাত্রী ও চালকদের জন্য আরও সহজ করতে আমরা নতুন পদ্ধতি তৈরির চেষ্টা করে যাচ্ছি।
“রবির সাথে আমাদের পার্টনারশিপ উবারে ভ্রমণের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। ঢাকায় কার্যক্রম চালুর পর থেকে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তা আমাদের অনুপ্রাণিত করেছে। রবির সাথে এই কৌশলগত পার্টনারশিপ আমাদেরকে আরও উপভোগ্য রাইড দিতে সাহায্য করবে।”
