২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পাবে ১২ উদ্যোক্তা ও ২ প্রতিষ্ঠান

১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৭ এর কার্যক্রম ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 10:36 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

আগামী বছরের প্রথম দিকে বিজয়ীদের হাতে এই পুরস্তার তুলে দেয়া হবে। এবার মোট ৬টি বিভাগে ২টি প্রতিষ্ঠান ও ১২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হবে।

শনিবার এক সংবাদ সম্মেলনে পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হবে।

এ কর্মসূচীর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোক্তাগণ যে অবদান রাখছেন তার স্বীকৃতির পাশাপাশি ক্ষুদ্র শিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করা এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর যথার্থ স্বীকৃতি প্রদান করা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এবারের পুরস্কারের বিভাগগুলো হলো- বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা (পুরস্কারের আর্থিক মূল্য সাড়ে চার লাখ টাকা), বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা (সাড়ে তিন লাখ টাকা), বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, (সাড়ে তিন লাখ টাকা), এবং বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা (সাড়ে তিন লাখ টাকা)।

এছাড়া বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা বিভাগে দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা এবং বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগের প্রত্যেক ১ম রানার-আপ বিজয়ীরা পাবেন দেড় লাখ টাকা।

আর ২য় রানার আপ বিজয়ীরা পাবেন এক লাখ টাকা। এছাড়া বিজয়ীদের প্রত্যেকেই একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট পাবেন।