২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 05:54 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

শুক্রবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুনর্গঠনের অংশ হিসেবে কৌশলগত দায়িত্ব পালনের জন্য ম্যানেজমেন্ট কমিটিতে (এমসি) পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বর্তমান ডেপুটি সিএফও রুহুল আমিন, রেগুলেটরি অ্যাফেয়ার্সর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) শাহেদ আলম, আইটি অ্যান্ড চার্জিংর ইভিপি আসিফ নাঈমুর রশিদ ও এন্টারপ্রাইজ বিজনেসের ইভিপি মো. আদিল হোসেন যথাক্রমে হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি, হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স, হেড অব আইটি এবং হেড অব এন্টারপ্রাইজ বিজনেস হিসেবে নিয়োগ পেয়েছেন।

তারা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদকে রিপোর্ট করবেন।

১৫ সেপ্টেম্বর থেকে তাদের নিয়োগ কার্যকর হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও এন্টারপ্রাইজ প্রোগ্রাম ম্যানেজমেন্ট কার্যালয়ের ডিভিশনাল হেডের নাম পরে ঘোষণা করা হবে।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “এ পরিবর্তনের মাধ্যমে আসছে ডিজিটাল যুগে আমরা গ্রাহকদের আরো ভাল সেবা দিতে পারব। তরুণ এই নেতৃত্ব রবি’র ডিজিটাল কোম্পানিতে রূপান্তরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।”

মাহতাব বলেন, নতুন এমসি মেম্বারদের এমনভাবে তৈরি হয়ে উঠতে সহায়তা করা হয়েছে, যেন তারা আগামী দিনগুলোতে নেতৃত্বস্থানীয় পর্যায়ে এসে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন।