২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএটির পক্ষে ‘লবিং’ করে সমালোচনায় ব্লেইক

বহুজাতিক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোবাকোর (বিএটি) বিরুদ্ধে ১৯২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা চলার মধ্যেই ওই সিগারেট কোম্পানির পক্ষে সরকারের কাছে লবিংয়ের অভিযোগ উঠেছে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইকের বিরুদ্ধে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 09:08 PM

Updated : 11 Oct 2022, 02:30 PM

পুরনো খবর:

‘ঘুষ লেনদেনে’ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

যুক্তরাজ্যের ইংরেজি দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, তামাকপণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের পক্ষে একজন ব্রিটিশ কূটনীতিকের এই পদক্ষেপ দুই দেশেই তামাকবিরোধী অধিকারকর্মী ও দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, ব্লেইকের এ ধরনের তৎপরতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতির লঙ্ঘন।

বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভিযোগ, ২০০৯-২০১০ থেকে ২০১২-২০১৩ অর্থবছর পর্যন্ত চার বছরে ভ্যাট বাবদ ১৯২৪ কোটি টাকা কম দিয়েছে বিএটি বাংলাদেশ।

ওই টাকা আদায়ে এনবিআর গতবছরের শেষ দিকে মামলা করলে হাই কোর্টের রায় বিএটির বিরুদ্ধে যায়। বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন বলে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিএটির বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তি করতে ব্রিটিশ হাই কমিশনারের দেনদরবারের বিষয়টি সম্পর্কে তিনি অবগত। তবে যেহেতু বিষয়টি আদালতে রয়েছে, সেহেতু এ নিয়ে বাইরে আলোচনার কোনো সুযোগ নেই। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হাই কোর্টে হেরে গিয়ে হাই কমিশনারের শরণ নেয় বিএটি। বাংলাদেশে ১০৫ বছর ধরে ব্যাটের ব্যবসা ও বিনিয়োগের কথাও সেখানে তুলে ধরা হয়।

এনবিআরের ভ্যাটের দাবিকে ‘ভিত্তিহীন’ দাবি করে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ইংগিত দেওয়া হয় চিঠিতে।

ওই চিঠি পাওয়ার পর গত ৬ অগাস্ট হাই কমিশনার ব্লেইক বিএটির পক্ষ হয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন, যেখানে বিএটির যুক্তিই তিনি তুলে ধরেন। 

Image
বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক

বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক

চিঠিতে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের ভ্যাটের বিষয়টি নিয়ে আমি লিখছি, যা নিয়ে আমরা আগেও কয়েকবার আলোচনা করেছি। সে সময় আমি আশ্বস্ত হয়েছিলাম, আপনার অফিস বিষয়টির সমাধানে আন্তরিক।”

সেখানে যুক্তি দেওয়া হয়, সিগারেট বিক্রির পুরনো ঘটনায় এনবিআর ১৯২৪ কোটি টাকার ভ্যাট দাবি করেছে বিএটিবির কাছে। সিগারেট বিক্রির দামের সঙ্গেই ভ্যাট পরিশোধ করা হয়, তাই ভূতাপেক্ষ ভ্যাট দাবি করার কোনো সুযোগ এখানে নেই।

তাছাড়া বিএটি অন্য যে কোনো কোম্পানির চেয়ে গতবছর রাষ্ট্রীয় কোষাগারে বেশি রাজস্ব দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন হাই কমিশনার।

তিনি লিখেছেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল যাতে আদালতের বাইরে বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা করেন সে বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তার আগে আলোচনা হয়েছিল। কিন্তু কোনো কারণে সেই বৈঠক আর হয়নি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিএটির পক্ষ হয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এমন হস্তক্ষেপের অভিযোগ এটাই প্রথম নয়।  

২০১৫ সালে পাকিস্তানে এবং ২০১২ সালে পানামাতেও বিএটির পক্ষে লবিং করার অভিযোগ ওঠে ব্রিটিশ কূটনীতিকদের বিরুদ্ধে। সেই প্রেক্ষাপটে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর তাদের কর্মকর্তাদের জন্য একটি নীতিমালা করে দিতে বাধ্য হয়।

নীতিমালায় বলা হয়, পররাষ্ট্র দপ্তরের কোনো কর্মকর্তা তামাকপণ্য উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানের পক্ষে কোনো বিদেশি সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, যদি না ওই দেশের নীতি পক্ষপাতমূলক বলে বিবেচিত না হয়।

তামাক শিল্পে বিনিয়োগ উৎসাহিত করা বা কোনো সিগারেট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য স্থানীয় কোনো নিয়মকে প্রভাবিত করার চেষ্টা থেকেও কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয় ওই নীতিমালায়।

গার্ডিয়ান লিখেছে, তামাকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে সরকারের কর্মকর্তারা যাতে কাজ করতে না পারে, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় যুক্তরাজ্যও স্বাক্ষর করেছে।

বাংলাদেশের তামাকবিরোধী সংস্থা ‘প্রজ্ঞা’ বলছে, বিএটির পক্ষে হাই কমিশনারের ওই তদবির বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

সংগঠনের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে গার্ডিয়ানকে লিখেছে, “বাংলাদেশে ব্রিটিশ সরকারের উন্নয়ন সহায়তাকে আমরা সব সময়ই স্বাগত জানাই। কিন্তু বিএটির করের বিষয়ে আদালতের বাইরে সমঝোতা করতে ব্রিটিশ হাই কমিশনারের যে তৎপরতা, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।”

তিনি বলেন, তামাকের কারণে বাংলাদেশে প্রতিবছর এক লাখ মানুষের মৃত্যু হচ্ছে এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ নানা অসুস্থতার শিকার হচ্ছে। আর তাতে (বাজারের অংশ হিসেবে) বিএটির অবদান সবচেয়ে বেশি।

বিএটি অবশ্য হাই কমিশনারের ভূমিকায় কোনো ভুল দেখছে না।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে সরকার ও তামাক শিল্পের মধ্যে সব ধরনের সংশ্লিষ্টতায় বিধি নিষেধ আছে- এটা ঠিক না। বরং তামাক শিল্পের সব ধরনের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন সময়ে সরকারকে সতর্ক করে তারা।”

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরও হাই কমিশনারের পক্ষে অবস্থান নিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, “বিদেশে ব্রিটেনের ব্যবসাকে সহায়তা দেওয়ার বিষয়টি ঠিকই আছে। আমাদের কার্যক্রম নীতিমালা মেনেই হয়েছে এবং চিঠিতে যে আইনি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, তা হচ্ছে ভূতাপেক্ষ ভ্যাটের আইনি কোনো ভিত্তি নেই।”