ডিজিটাল স্মার্ট বইয়ে ‘ফুরিয়েছে গাইডের প্রয়োজন’
রবি-টেন মিনিট স্কুলের চালু করা ডিজিটাল স্মার্ট বইয়ে যে সহায়তা পাওয়া যাচ্ছে তাতে শিক্ষার্থীদের আর গাইড বই কেনার প্রয়োজন থাকছে না বলে রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে চালু করা স্মার্টবুকগুলো ইতোমধ্যে ১০ লাখের বেশি শিক্ষার্থী পড়েছেন বলে বুধবার মোবাইল অপারেটরটি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, www.10minuteschool.com ওয়েবসাইটে যে কেউ বিনামূল্যে এই স্মার্টবুকগুলো পেতে পারেন।
এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পারস্পরিক আলোচনার আবহে পাঠ্য বইয়ের বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝতে পারেন। এ বইগুলো শুধু একটি ডিজিটাল এডুকেশন কন্টেন্ট নয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ের উপর কুইজে অংশ নিয়ে ওই বিষয়ে তার দক্ষতার স্তর সম্পর্কেও ধারণা পেতে পারেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
উদাহরণ দিয়ে এতে বলা হয়, বাংলা কবিতা পড়ার সময় স্মার্র্ট বুক শিক্ষার্থীদের প্রতিটি লাইনের অর্থ জানিয়ে দেবে। এছাড়া বুঝতে কঠিন এমন কোনো শব্দ থাকলে তার সমার্থক ও বিপরীত শব্দও দেখে নিতে পারবেন শিক্ষার্থীরা। এর ফলে তারা কবিতাটি সম্পর্কে সম্যক ধারণা পাবেন।
এছাড়া স্মার্ট বুকটি ওই কবিতার কবি সম্পর্কেও ধারণা দেবে, যাতে শিক্ষার্থীরা ওই কবিতার পারিপার্শ্বিক আবহ সম্পর্কেও ধারণা পান।
একইভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, আইসিটি, গণিত ও অন্যান্য বিষয়ের উপরও কন্টেন্ট রয়েছে রবি-টেন মিনিট স্কুলের।
স্মার্ট বুক এসব বিষয়ের কঠিন ‘টপিককে’ সহজভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন এবং এগুলোর ব্যাখ্যা দিচ্ছে। এছাড়া স্মার্টবুকগুলো শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও ধারণা দেয়, যাতে শিক্ষার্থীরা এর পারিপার্শ্বিক দিকগুলো নিয়েও ভাবতে পারেন।
বর্তমানে স্মার্টবুকের আওতায় এসএসসি ও এইচএসসি’র মূল বিষয়গুলো রয়েছে।
স্মার্ট বুক চালু হওয়ায় শিক্ষার্থীদের আর গাইড বই কেনার প্রয়োজন নেই এবং আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরাও বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানায় রবি।
