ঈদ বাজারে জমজমাট ফুটপাত
সকালের বৃষ্টি বিকিকিনিতে কিছুটা বাগড়া দিলেও ঈদের দুই দিন আগে রাজধানীর ফুটপাতগুলো ছিল রমরমা; অন্যদিকে বিক্রিতে সন্তুষ্ট নন বিপণি বিতানগুলোর বিক্রেতারা।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১ নম্বর, ২ নম্বর, ফার্মগেট, গাউসিয়া, নিউ মার্কেটের বিভিন্ন মার্কেটে বিক্রি চলতে দেখা গেলেও তাতে ঈদের চাপ চোখে পড়েনি।
অথচ এসব বিপণি বিতানের সামনের ফুটপাতে ছিল উপচেপড়া ভিড়; কেনাবেচায় খুশি ছিলেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।
জামা, জুতা, গহনার পাশাপাশি সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রেতারাও ফুটপাতে দিনভরই ব্যস্ত ছিলেন।
ফুটপাতগুলো ঘুরে দেখা যায়, তুলনামূলক স্বল্প দামে হাকঁডাক দিয়ে ক্রেতাদের ডাকছেন বিক্রেতারা।
ফুটপাতজুড়ে তারা সাজিয়ে রেখেছেন শার্ট, প্যান্ট, গেঞ্জি, কামিজ, ওড়না, পালাজ্জো, ব্যাগ, জুয়েলারি, সানগ্লাস, লিপস্টিক, মেহেদী, তোয়ালে, লুঙ্গি, গামছা, চাদর, পর্দা, কুশন।
সেই সঙ্গে কোরবানির ঈদের গুরুত্বপূর্ণ পণ্য বিভিন্ন রকমের মসলাও ছিল। অনেককে রাস্তাতেই বিক্রি করতে দেখা গেছে খড়, ভূষি, কাঁঠালপাতা, চাটাই।
নিউমার্কেট এলাকার আরেক বিক্রেতা সৌরভ বলেন, “১০০ টাকায় গেঞ্জি বেচতেছি। দুপুর থেকেই যেভাবে চলছে সব শেষ করেই বাসায় যেতে পারব।"
ফার্মগেইটের জুতা বিক্রেতা হারুন-উর-রশীদ বলেন, “আইজকাই তো শ্যাষ বিক্রি। কালকে তো সবাই গরু কেনা নিয়াই ব্যস্ত থাকবে।”
ফুটপাতের জমজমাট বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, “আর আমাগো কাছ থেইকা কিনব না কেন? যেই জুতা আমরা দেড়শো টাকায় বেচি, সেইটাই দোকানে ২০০ টাকা।"
তার সমর্থন মিলল ফার্মগেইটে ফুটপাত থেকে কাপড় কেনা কলেজ শিক্ষার্থী আল আমিনের কথায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেড়শ' করে দুটা গেঞ্জি কিনলাম। শো-রুমে গেলে তো এই দামে পাড়তাম না। সে কারণে নিয়ে নিলাম এখান থেকেই।"
গাউছিয়ার ববি কালেকশনের বিক্রেতা আমির হোসেন বলেন, “কাস্টমার তো কম দাম খোঁজে, সব খরচ মিলাইয়া তত কম তো রাখতে পারি না। অনেকে ফুটপাতে কম পেয়ে নিয়ে যায়, কাপড়ের মান তো সবাই খোঁজে না।”
বিক্রি কম হওয়ায় হতাশ এই বিক্রেতা বলেন, “রোজার ঈদ আর বৈশাখের মতো কোরবানির ঈদে বিক্রি হয় না এটা ঠিক। কিন্তু গত কোরবানির ঈদের চেয়েও এবার বিক্রি অনেক কম।”
ধানমন্ডি হকার্স মার্কেটের তাসপিয়া শাড়ি হাইজের শাড়ি বিক্রেতা শাহীন আহমেদ বলেন, “বিক্রি খুবই কম, রোজার ঈদেও আমরা তেমন বেচতে পারিনি।
“সবকিছুর দাম বেশি, টাকা না থাকলে মানুষ কিনবে কেমনে? আর এখন তো বন্যার ঝামেলাও আছে। কোরবানি দিয়ে হয়ত অনেকেই ভালো পোশাকের টাকাটা বাঁচাতে পারছে না।”
