২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনভাতা দিয়েছে ঢাকার শতভাগ পোশাক কারখানা: বিজিএমইএ

কোরবানির ঈদের আগে ঢাকার সব কারখানার শ্রমিকরা জুলাই মাসের বেতন ও উৎসব ভাতা পেয়েছেন বলে জানিয়েছেন পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 06:10 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

ঈদের দুইদিন আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পোশাক শিল্পের উদ্যোক্তারা শ্রমিকদের জুলাই মাসের শতভাগ বেতন পরিশোধ করেছেন। ঈদ উপলক্ষ্যে ভাতা দেওয়া হয়েছে। কিছু কারখানায় অগাস্ট মাসের আংশিক বেতনও পরিশোধ করেছে।”

শ্রমিকদের বেতনভাতা পরিশোধে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে বিজিএমইএর উদ্যোগেই এটা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর বলেন, ঢাকাকে ১৫টি অঞ্চলে ভাগ করে তা তদারকির জন্য কমিটি গঠন করেছে বিজিএমইএ। তারা গত একমাস ধরে টানা কাজ করেছে শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত কাজ এগিয়ে নিতে। বিজিএমইএ ভবনে ক্রাইসিস কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া আঞ্চলিক পর্যায়েও খোলা হয়েছে তদারক কমিটি।

তিনি জানান, ঈদের আগে বেতনভাতা নিয়ে সমস্যা হতে পারে এমন ৮০০ কারখানা চিহ্নিত করা হয় বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে। এসব কারখানার সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

“বিজিএমইএ সরাসরি হস্তক্ষেপ করে সমস্যাপূর্ণ ৪০টি কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে বেতন সমস্যার সমাধান করেছে। এতে দুর্ভোগমুক্ত হয়েছে ৪৫ হাজার শ্রমিক।”

এক্ষেত্রে মালিকপক্ষকে ব্যাংক ঋণ পেতেও সহায়তা করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদে বাড়ি ফিরতে মানুষ যাতে যানজটের দুর্ভোগে না পড়ে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মহাসড়কে যানজট কমাতে গত মঙ্গলবার থেকে ভাগ ভাগ করে ছুটি দেওয়া হয়েছে শ্রমিকদের।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির উপস্থিত ছিলেন।