চড়েছে মশলার বাজার
কোরবানির ঈদের অত্যাবশ্যক পণ্য মশলা বেশি দামে কেনার কথা জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, জিরা-দারুচিনি-এলাচসহ প্রায় সব মশলাই কেজিতে ৩০ থেকে সর্বোচ্চ দুইশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট ও মিরপুরের বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, জিরার দাম কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে ৪২০-৪৩০, দারুচিনি ২০ টাকা বেড়ে ৩২০, শুকনা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। মাসংসহ বিভিন্ন খাবার রান্নায় প্রয়োজনীয় এই মশলার দাম কেজিতে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। লবঙ্গ, আদা, গুঁড়া মরিচ, হলুদের দামও বাড়তির দিকে।
বিক্রেতাদের ভাষ্য- ঈদ নয়, দেশে চলমান বন্যা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মশলার দাম বেড়েছে।
কারওয়ান বাজারের বিক্রেতা কাওসার জানালেন বন্যার কারণে বাজারে মশলার ঘাটতি রয়েছে।
কারওয়ান বাজারে মশলা কিনতে এসে মশলার বাড়তি দাম দেখে ক্ষোভ ঝরেছে গ্রিনরোডের সালমা বেগমের কণ্ঠে।
“ঈদে সবচেয়ে বেশি লাগে জিরা, এলাচ ও দারুচিনির, আর এসব মশলার দামই চড়া। সবসময়ই ঈদের আগে ওরা (বিক্রেতা) দাম বাড়ায়।”
নিউ মার্কেটের মশলার দোকানগুলোয় এলাচ, দারুচিনি, তেজপাতা, জায়ফল, জয়ত্রী, গোল মরিচ, পোস্তদানা, কিসমিস, আলুবোখারা, নানা ধরনের বাদাম, কালোজিরা মেথি, জিরা ছাড়াও মিলছে রাজস্থানী মশলা ‘কেশর’।
এখানকার আল্লাহ্র দান মশলা হাউজের কর্মচারী রুবেল মিয়া বলেন, “কোরবানির ঈদে মাংস রান্নার জন্য নতুন মশলা বেশি করে কিনে রাখতে চান সবাই। মাংসে ব্যবহার করা হয় এরকম মশলাই বেশি বিক্রি করি আমরা এই সময়। ঈদের আগের দিন সবচেয়ে বেশি মসলা বিক্রি হয়।”
মায়ের দোয়া মসলা স্টোরের দোকানি মো. শরীফ জানান, অগাস্ট মাসের শুরু থেকেই মশলার দাম কেজিতে ১০০-২০০ টাকা বেড়েছে।
ক্রেতাদের মধ্যে বিভিন্ন ‘প্যাকেটজাত’ মশলার চাহিদা রয়েছে বেশ। রাঁধুনি, প্রাণ, শান, বিডি, হাইকো- নানা ব্র্যান্ডের প্যাকেট মশলা বিক্রিও হচ্ছে ভালো।
ঈদের জন্য মশলা কিনতে নিউ মার্কেটে এসেছিলেন আজিমপুরের প্রকৌশলী তৌফিকুর এলাহি ও তার স্ত্রী লুবনা আনাম। তারা প্যাকেটজাত মসলা কিনলেন বেশি।
কারণ হিসেবে লুবনা আনাম বলেন, “এই মশলার ঝামেলা কম। সব রেডি থাকে কেবল মাংসে মিশিয়ে দিলেই হয়।”
এর বাইরে তিন ধরনের বাদাম আর কিসমিসও কিনবেন বলে জানান তিনি।
মশলার বাইরে ঈদের সময় বিভিন্ন রকম সস, সিরকা, বিট লবণ, টেস্টিং সল্টের চাহিদাও রয়েছে।
