২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসকে কর্মীদের ‘অরেঞ্জ ডে’ পালন

স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে ‘অরেঞ্জ ডে’ পালন করেছে গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 12:36 AM

Updated : 19 Aug 2022, 05:27 PM

মঙ্গলবার ‘টিচ ফর বাংলাদেশের’ সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি থেকে পাওয়া অর্থ রাজধানীর দুটি বিদ্যালয়ের উন্নয়নে দেওয়া হয় বলে জিএসকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়- এ বছরের অরেঞ্জ ডেতে কমিউনিটি সেবার অংশ হিসেবে মিরপুরের ‘ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়’ এবং কামরাঙ্গীচরের ‘সিদ্দীক মিয়া প্রাথমিক বিদ্যালয়ে’ যায় জিএসকে কর্মীরা।

তারা তহবিল সংগ্রহের পাশাপাশি বিদ্যালয়টির প্রাঙ্গণ রঙ করায় সহায়তা এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন করেন।

বিদ্যালয় দুটির পাঁচশ’র বেশি শিশু কর্মসূচিতে অংশ নেয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়- এসব শিশুর সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন জিএসকে কর্মীরা।

সমাজের উন্নয়নে অংশ নিতে জিএসকে কর্মীরা ‘অরেঞ্জ ডে’ পালন করে থাকে বলে জানান জিএসকে কনজিউমার হেলথকেয়ার বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রশান্ত পান্ডে।

“অরেঞ্জ ডে সফল করতে আমাদের কর্মীরা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নেয়। কমিউনিটিগুলোকে বৃহত্তর সহায়তা দেওয়ার উদ্দেশ্যে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে তারা।”