ঢাকায় এখন গরুর সঙ্গে খড়-চাটাইয়ের জমজমাট বিক্রি
কোরবানির জন্য সারা দেশ থেকে গরু আনা হয়েছে ঢাকায়; এর খাবারের চাহিদা পূরণে মৌসুমী গো-খাদ্য ব্যবসায়ী হয়ে বিভিন্ন জেলা থেকে খড়, ঘাস আনছেন একদল।
আবার গরু জবাই, চামড়া ছিলা ও কাটার জন্য ছোরা-চাপাতি, মাংস রাখার জন্য হোগলার পাটি, হাড় কাটতে কাঠের খাইট্টা (কুন্দা)-এগুলোরও ব্যবসায়ী বনে গেছেন অনেকে।
শনিবার কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় গো-খাদ্য ও গরু জবাইয়ের এসব উপকরণের দামও বেড়েছে।
মঙ্গলবার কারওয়ানবাজারের কাঁচাবাজার এলাকায় গিয়ে দেখা যায়, ফল ও কাঁচামালের অস্থায়ী দোকানগুলোর জায়গায় বসেছে ঘাস, খড়, হোগলাসহ কোরবানির পশু জবাইয়ের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের পসরা।
বড় হোগলা পাটি ১২০ টাকা এবং খাইট্টা ছোটগুলো ৩০০ ও বড়গুলো ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করছেন বলে জানান তিনি।
প্রতিবছরই কোরবানির ঈদের আগে চার-পাঁচ দিন ঢাকায় এসব বিক্রি করেন বলে নূর ইসলাম।
দাম বেশি নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমরা তো দুই-তিন দিন বেঁচি একটু লাভের আশায়ই। আর চাহিদা বেশি থাকে, সে কারণে পাইকাররাও দাম বাড়িয়ে দেয়।”
গো-খাদ্য বিক্রেতা বাবুল মিয়া ভোলা থেকে খড়, ঘাস ও হোগলা এনে বিক্রি করছেন।
তিনি জানান, খড়ের আঁটি ২০ টাকা এবং কাঁচা খড়ের আঁটি ৫০ টাকায় বিক্রি করছেন।
বিক্রি এখনও তেমন জমে ওঠেনি জানিয়ে তিনি বলেন, “তারপরও অনেকে ১৫-২০ আঁটি করে নিয়ে যাচ্ছে। কাল থেকে বাড়বে আশা করি, আর শেষ রাতে তো সব বিক্রি হয়ে যাবে।”
ফলবিক্রেতা জাকির হোসেন প্রতি কোরবানির ঈদের আগে পুরান ঢাকার রহমতগঞ্জ থেকে গো-খাদ্য কিনে এনে কারওয়ানবাজারে বিক্রি করেন।
তিনি জানান, কেজি প্রতি সরিষার খৈল ৫০ টাকা, গমের মোটা ভূষি ৩০ থেকে ৩৫ টাকা, চিকন ভূষি ৪০ থেকে ৪৫ টাকা এবং কুড়া ৩৫ টাকা কেজি বিক্রি করছেন।
“এ মৌসুমে বিক্রিটা ভালো হয়। ফলের চেয়ে লাভ বেশি, সেজন্য কুড়া-ভূষি বিক্রি করছি। দাম একটু বেশি, কিন্তু বেশি নিলে কমিয়ে রাখি।”
কারওয়ানবাজারের মতো গো-খাদ্য ও কোরবানির সহায়ক উপকরণ বিক্রি হচ্ছে ঢাকার অন্যান্য এলাকায়ও।
মিরপুর-১১ নম্বর বাজারের মুরাদ হার্ডওয়্যারের মালিক মো. মুরাদ জানান, ছোট হোগলার পাটি ৬০ টাকা, বড় হোগলার পাটি ১০০ টাকা, বড় ছুরি ৬০ থেকে ৭০ টাকা, ছোট ছুরি ২৫ থেকে ৩০ টাকা এবং ঝুড়ি ৪০ টাকায় বিক্রি করছেন।
কোরবানি সামনে রেখে এ ধরনের সব পণ্যেরই দাম কিছুটা বেড়েছে জানিয়ে এই মার্কেটের মুকসুদপুর হার্ডওয়্যার স্টোরের মালিক গোলাম ফরহাদ বলেন, কেজি প্রতি দা ৫০০ টাকা, চাপাতি ৪০০ থেকে ৬০০ টাকা, চাইনিজ কুড়াল ৬০০ টাকা, ছুরি ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দাউদকান্দি হার্ডওয়্যার স্টোরের মালিক ওবায়দুল্লাহ মৃধা বলেন, “রশি ৮০ টাকা কেজি বিক্রি করছি, সপ্তাহখানেক আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। মোটা রশি ফুটে বাড়ছে ৫ টাকা করে।
“মশলা বাটার পাটা-পুতায় বাড়ছে ১০০ টাকার বেশি। আগে কিনতাম ৩০০ টাকায়, এখন ৪২০ টাকা।”
একই মার্কেটের আসলাম বেগ স্টোরের বিক্রেতা আসলাম জানান, বড় চাপাতি ৮০০ টাকা, ছোট চাপাতি ৫০০ থেকে ৬০০ টাকা, ঝুড়ি ৫০ টাকায় বিক্রি করছেন।
চাহিদা বাড়ায় দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, “নরমাল হোগলার পাটি আগে ছিল ৫০ টাকা, এখন ৬০ টাকা। চিকন পাতার হোগলার পাটি ৮০ টাকা থেকে ১০০-১২০ টাকা হয়ে গেছে। ১৫০ টাকার খেজুর পাতার পাটি এখন ১৮০ টাকা।”
