ঈদ বাজারে বিক্রিতে অখুশি ব্যবসায়ীরা
ঈদের হাতেগোনা কয়েকদিন আগে এসে রাজধানীর বিপণি বিতানগুলোতে ক্রেতা সমাগম বাড়লেও এখনও বেচা-বিক্রি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি ব্যবসায়ীরা।
দেশের মুসলমানদের অন্যতম প্রধান এই উৎসবের মাত্র চার দিন আগে সোমবার রাজধানীর বেশ কয়েকটি বিপণি বিতান ঘুরে কোনোটিতেই উপচেপড়া ভিড় দেখা যায়নি।
রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে পোশাক কেনাকাটা তুলনামূলক কম হলেও এবার স্বাভাবিকের চেয়ে কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সে তুলনায় বিপণি বিতানগুলোর সামনের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোর বেচা-বিক্রি মন্দ ছিল না।
ঈদ কেনাকাটার শেষ দিকে এসে পোশাকের পাশাপাশি জুতা ও জুয়েলারির দোকানেও বেশ ভিড় দেখা যায় ক্রেতাদের।
রঙধনু শপিং কমপ্লেক্সের ‘নারীর সাজ বস্ত্র হাউজের’ বিক্রয়কর্মী শাহ আলম বললেন, থান কাপড় আর থ্রি পিসের চেয়ে এখন ওড়না ও স্কার্ফই বিক্রি হচ্ছে বেশি।
“এখন তো আর দর্জিবাড়িতে গিয়ে কাপড় বানানোর সুযোগ নাই, তাই গজ কাপড়টা কম বিক্রি হচ্ছে। ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ওড়নাটা বেশি কিনছে মেয়েরা।”
ঈদের আগে শেষ সময়ে এসে বিক্রি বাড়ার তথ্য দিলেন মিরপুর ১১ নম্বর মার্কেটের ‘সিয়াম কালেকশনের’ বিক্রয়কর্মী আলমগীর হোসেন।
“ঈদের আর আছে মাত্র চার দিন। অন্যবারের তুলনায় এখন পর্যন্ত বিক্রির পরিমাণ অনেক কম হলেও গতকাল (রোববার) দুপুরের পর থেকে কাস্টমার সংখ্যা বাড়ছে। আসলে এখন তো আর সময় নাই। তাই কেনাকাটা শেষ করছেন অনেকেই।”
মূলত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা তুলনামূলক কম দামে পছন্দের পণ্য পেতে এই বিপণি বিতানটিতে আসেন বলে জানান আলমগীর হোসেন।
মেয়েকে নিয়ে এখানে কেনাকাটা করতে এসেছিলেন মোস্তাক আহমেদ। বাসা থেকে কাছে ও তুলনামূলক কম খরচে কেনাকাটার সুযোগ থাকায় বরাবরই রঙধনু শপিং কমপ্লেক্স বেছে নেন বলে জানান তিনি।
পূরবী মার্কেটের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে পোশাক কিনতে ভিড় করা ক্রেতার জটলার মধ্যে কথা হয় গার্মেন্ট কর্মী জাহানারা বেগমের সঙ্গে।
বোনাসের টাকা হাতে পেয়েই ছেলের আবদার মেটাতে এখানে ছুটে এসেছেন জানিয়ে তিনি বলেন, “এই ঈদে তো তেমন কেনাকাটা হয় না। পোলাটা আশায় আছে নতুন জামার, তাই বোনাস পাইয়া আইজকা আসলাম।
“আমরা তো গরীব মানুষ। বড় মার্কেটে যাওনের সাধ্য নাই, তাই এখান থেইকাই কিনতাছি, দামও কম।”
গত কোরবানির ঈদের তুলনায় এবার তাদের বিক্রি কম বলে হতাশার কথা জানালেন মিরপুর ১ নম্বরের স্বাধীন বাংলা সুপার মার্কেটের ‘জারা ফ্যাশন’ এর মালিক রেজওয়ান হাসান।
“রোজার ঈদের চেয়ে এই ঈদে এমনিতেই বিক্রি হয় কম। তবে অন্যবারের চেয়ে এবার বিক্রিবাট্টা নাই বললেই চলে। বন্যায় তো অনেকেরই ক্ষতি হয়ে গেছে, তাই হয়তো কেনাকাটায় আসছে না।”
পুরুষদের পোশাকের বিপণীবিতান ‘নান্নু মার্কেটে’ নিজের জন্য প্যান্ট কিনতে আসেন ইসমাইল।
অন্য ঈদের চেয়ে এবার কেনাকটায় কম বরাদ্দের কথা জানিয়ে তিনি বলেন, “ঈদের জন্য বাজেট কম। গরু কেনার টাকা তো রাখতে হবে।”
