২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইটে আগ্রহী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

ঢাকা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহের কথা জানিয়েছেন সেদেশের রাষ্ট্রদূত রিনা সোয়েমারনো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 09:04 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আগ্রহও দেখিয়েছেন রাষ্ট্রদূত।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক আবু নাসের ও মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদের সঙ্গে ইন্দোনেশিয়া দূতাবাসের ইকনোমিক কাউন্সিলর ইনগ্রিড রোজালিনাও আলোচনায় অংশ নেন।

রাষ্ট্রদূত রিনা সোয়েমারনো বলেন, “ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের ১৬তম বৃহৎ অর্থনীতি এবং জি ২০-এর অন্যতম সদস্য। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া যেহেতু এশিয়ার দুটি নিকটতম দেশ, এবং দুই দেশই উন্নয়নশীল পর্যায়ে রয়েছে, তাই দেশ দুটির পারস্পরিক স্বার্থে একসাথে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।”

ইন্দোনেশিয়া যেহেতু বাংলাদেশিদের জন্য ‘ফ্রি ভিসা’ চালু করেছে তাই রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের কাছে ইন্দোনেশীয়দের জন্যও একইরকম ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত দ্রুততম সময়ে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে ‘অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “বাংলাদেশ যেহেতু ‘আসিয়ান’-এর প্রবেশদ্বার তাই বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া যৌথভাবে এ ভৌগলিক অবস্থানের অপার সম্ভাবনা কাজে লাগাতে পারে।”

বর্তমান সরকারের উদার বিনিয়োগ নীতির প্রসঙ্গ তুলে ধরে এফবিসিসিআই সভাপতি সরকারের প্রতিষ্ঠিত ‘অর্থনৈতিক অঞ্চলে ইন্দোনেশিয়ার জন্য ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।