২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ ছুটিতে পর্যাপ্ত টাকা রাখতে হবে এটিএম বুথে

আসন্ন কোরবানির ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 11:47 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে তা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়- ঈদের ছুটিতে এটিএম (অটোমেটেড টেলার মেশিন), পিওএস (পেমেন্ট অব সেলস) নেটওয়ার্ক, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় যা আছে:

এটিএম বুথ

>> সার্বক্ষণিক সেবা চালু রাখতে হবে।

>> পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে।

>> কোন প্রকার কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ে নিরসনের ব্যবস্থা নিতে হবে।

>> সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

পিওএস

>> সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে।

>> জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে।

এর পাশাপাশি অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ও কার্ড ছাড়া লেনদেনের ক্ষেত্রে দুই স্তরের ‘নিশ্চিতকরণ ব্যবস্থা’ চালু রাখার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া সব ব্যাংক বা তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখতে বলা হয়েছে।

সার্বক্ষণিক ‘হেল্পলাইন সাপোর্ট’ দেওয়ার নির্দেশনাও রয়েছে সার্কুলারে।