‘গ্যালাক্সি নোট৮’ এর প্রি-অর্ডার ২৭ অগাস্ট থেকে
বাংলাদেশের বাজারে ‘গ্যালাক্সি নোট৮’ উন্মোচন করেছে স্যামসাং মোবাইল।
স্যামসাং মোবাইল বাংলাদেশ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সর্বশেষ সংস্করণ স্যামসাং ‘গ্যালাক্সি নোট৮’ গ্রামীণফোন হাউসে একটি অনুষ্ঠানে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে স্যামসাং ও গ্রামীণফোন যৌথভাবে নোট৮ এর প্রি-অর্ডারের তারিখ ঘোষণা করা হয়।
গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফারের সাথে ‘গ্যালাক্সি নোট৮’ এর প্রি-অর্ডার চলবে ২৭ অগাস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্রাহকরা www.preordernote8.com অথবা www.grameenphone.com/shop ভিজিট করে অথবা যেকোনো স্যামসাং স্টোর বা গ্রামীণফোন সেন্টার থেকে প্রি-অর্ডার করতে পারবেন।
প্রতিটি প্রি-অর্ডারের সাথে গ্রামীণফোন গ্রাহকরা প্রাথমিকভাবে পাবেন ১৪ দিন মেয়াদে ৮ গিগাবাইট ইন্টারনেট ডেটা। এছাড়াও পরবর্তীতে গ্রাহকরা ৩ মাসে মোট ৬ বার ২৮ দিন মোট মেয়াদে ৪০০ টাকায় ৮ গিগাবাইট ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশে ‘গ্যালাক্সি নোট৮’ হ্যান্ডসেট স্যামসাংয়ের অনুমোদিত স্টোর এবং গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে।
‘গ্যালাক্সি নোট৮’ এর মূল্য ৯৪ হাজার ৯০০ টাকা।
এটি সমান মাসিক কিস্তিতেও (ইএমআই) কেনা যাবে। এক্ষেত্রে প্রথমে চার হাজার ৯০০ টাকা জমা দিয়ে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা করে ৩৬ মাসে টাকা পরিশোধ করা যাবে।
গ্যালাক্সি নোট৮ সাজানো হয়েছে ইনফিনিটি ডিসপ্লে, উন্নত এস পেন এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ডুয়েল ক্যামেরায়, যা গ্রাহককে দৈনন্দিন ও কর্মজীবনে বেশি কিছু অর্জনে সাহায্য করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, হেড অব মোবাইল মূয়ীদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান সালাহউদ্দীন আলমগীর, গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব কমিউনিকেশন নেহাল আহমেদ এবং ডেপুটি ডিরেক্টর (ডিভাইস) সরদার শওকত আলী।
