২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভেঞ্চার ক্যাপিটালের বিকাশে তৈরি হবে উদ্যোক্তা-কর্মসংস্থান’

ভেঞ্চার ক্যাপিটালের বিকাশ ঘটলে দেশে নতুন উদ্যোক্তার পাশাপাশি লাখ লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে- এমন বক্তব্য এসেছে এক সেমিনারের বক্তাদের কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 09:21 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারের জনতা টাওয়ারে অনুষ্ঠিত ‘ভেঞ্চার ক্যাপিটাল: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই মত দেন।

ইকোনোমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) ও ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পারভেজ ইকবাল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার স্বপন কুমার বালা ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিসিপিইএবির সাধারণ সম্পাদক ও বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।

মূল প্রবন্ধে বলা হয়, উন্নত দেশগুলোতে শিল্পায়নে পুঁজিবাজারের চেয়েও বেশি ভূমিকা রাখছে ভেঞ্চার ক্যাপিটালসহ বিকল্প বিনিয়োগ তহবিল।

শওকত হোসেন বলেন, “ভেঞ্চার ক্যাপিটাল সাধারণত নতুন, সৃজনশীল ও সম্ভাবনাময় উদ্যোগে বিনিয়োগ করে থাকে। এ ধরনের উদ্যোগগুলো তুলনামূলক ঝুঁকিপূর্ণ বলে ব্যাংকগুলো সাধারণত এড়িয়ে যায়। ভেঞ্চার ক্যাপিটাল সেই চ্যালেঞ্জ গ্রহণ করে।

“ভেঞ্চার ক্যাপিটাল শুধু টাকা দিয়েই দায়িত্ব শেষ করে না। পাশাপাশি কোম্পানিগুলোর মান উন্নয়নে তদারকি করে; কারিগরি সহায়তা দেয়।”

সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “ভেঞ্চার ক্যাপিটালের ভালোমন্দের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এই ৩ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট। এই খাতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবেলায় এই তিন প্রতিষ্ঠান নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ভিসিপিইএবির সভাপতি শামীম আহসান বলেন, “আজকের মাল্টি বিলিয়ন কোম্পানি ফেসবুক ও গুগলের ব্যবসা শুরু হয়েছিল ভেঞ্চার ক্যাপিটালের অর্থায়নে। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর অনেক বড় বড় কোম্পানির বিকাশের পেছনে রয়েছে ভেঞ্চার ক্যাপিটালের ভূমিকা।”

ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল বলেন, “প্রতি বছর যে হারে শিক্ষিত জনসংখ্যা বাড়ছে আসলে সেই হারে কর্মসংস্থান বাড়ছে না। এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এখানে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভেঞ্চার ক্যাপিটাল বড় ভূমিকা রাখতে পারে।”

বিএসইসির কমিশনার স্বপন কুমার বালা বলেন, “স্টক এক্সচেঞ্জে শিগগিরই স্মল ক্যাপ বোর্ডের কার্যক্রম শুরু হবে। এটি হলে মাঝারি কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে পারবে। এটি ভেঞ্চার ক্যাপিটালের বিকাশে সহায়ক হবে।”

সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি জামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, ভিসিপিইএবির সহ-সভাপতি ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ, ইআরএফ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আদিল রহমান, স্ট্রাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।