৭৫০ টাকায় ওয়ালটনের নতুন ফিচার ফোন
মাত্র ৭৫০ টাকায় নতুন ফিচার ফোন বাজারে এনেছে ওয়ালটন।
বেশ কয়েকটি ভিন্ন রঙে ‘এল৭’মডেলের এই সেটটি বাজারে পাওয়া যাচ্ছে বলে বুধবার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিষ্ঠানটির সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক আরিফুল হক রায়হান বলেন, নতুন এই মডেলের ফিচার ফোনে একসঙ্গে দুটি সিম ব্যবহারের সুবিধা রয়েছে।
এক দশমিক ৭৭ ইঞ্চি পর্দার এই সেটে থাকছে- ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার এবং রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। আরও আছে সাউন্ড ও ভিডিও রেকর্ডিং সুবিধা। এছাড়া ১৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করে গান, ছবি বা ভিডিও সংরক্ষণ করা যাবে।
দীর্ঘসময় ব্যবহারের জন্য ‘এল৭’ মডেলে থাকছে ৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। রাতে চলার সুবিধার্থে রয়েছে উজ্জ্বল আলোর এলইডি টর্চ। কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে টর্চ বা কি-প্যাড লাইট।
বিরক্তিকর ও অনাকাঙ্খিত নম্বর থেকে কল আসা বন্ধ করতে এই ফোনে ‘ব্লাকলিস্ট’ সুবিধা আছে বলে ওয়ালটনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রয়েছে জিপিআরএস; এছাড়া ব্লুটুথ থাকায় ডাটা আদান-প্রদান করা যাবে সহজেই।
নতুন এই ফোন ছাড়াও ওয়ালটন বর্তমানে ২৫টি মডেলের সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন বাজারজাত করছে। মাত্র ৭৫০ টাকা থেকে শুরু করে এসব ফোনের সর্বোচ্চ দাম ১৫৫০ টাকা।
