৬ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্র্যাক ব্যাংক ২৪২ কোটি ১০ কোটি টাকা মুনাফা করেছে।
মুনাফার এই পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ শতাংশ বেশি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি ২০১৬ সালের জানুয়ারি-জুন সময়ে ১৭৪ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছিল।
বৃহস্পতিবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ‘অর্ধবার্ষিক আর্থিক ফলাফল’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারি-জুন সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ব্র্যাক ব্যাংকের কর পরবর্তী মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ।
“এই ছয় মাসে ব্যাংকের শেয়ার প্রতি নেট এসেট ভ্যালু হয়েছে ২৭ টাকা ৮৬ পয়সা, যা গত বছরে জানুয়ারি-জুন সময়ে ছিল ২৬ টাকা ১৫ পয়সা। এবার শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। ২০১৬ সালের একই সময়ে আয় ছিল ২ টাকা ১০ পয়সা।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ইন্টারনেটে সারসরি সম্প্রচার করা হয়, তাতে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জোয়াদ্দার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বেসরকারি খাতের এই ব্যাংকটি বর্তমানে ১৮৬টি শাখা, ৪৬০টি এটিএম এবং ৪৪৮টি এসএমই ইউনিট অফিস এবং ৬ হাজার ৫০০ জনেরও বেশি জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
এ ব্যাংকের গ্রাহক সংখ্যা ১৫ লাখের বেশি।
