২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসআর নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) বিষয়ক নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কাউন্সিল গঠনের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 01:53 AM

Updated : 19 Aug 2022, 05:13 PM

এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকা চেম্বার মিলনায়তনে ‘বাংলাদেশে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম জোরদার’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী।

মান্নান বলেন, “বাংলাদেশে একটি সিএসআর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ইতোমেধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বাণিজ্যিক সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে সুপারিশমালা গ্রহণ করেছে। এ সুপারিশের আলোকে সিএসআর নীতিমালা প্রণয়নে শিগগিরই জাতীয় কাউন্সিল গঠন করা হবে।”

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং এস আর এশিয়া বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

এতে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, বাংলাদেশে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম দীর্ঘদিন ধরে চালু থাকলেও এখনও তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি।

এস আর এশিয়া বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমাইয়া রশিদ বলেন, সিএসআর নীতিমালা প্রণয়ন হলে দেশের কর্পোরেট সংস্থাগুলোর সিএসআর কার্যক্রম আরও সক্রিয়ভাবে কার্যকর করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানউল্লাহ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, দেশের কর্পোরেট সংস্থাগুলোর সিএসআর কার্যক্রমের পরিধি বাড়ালে এর প্রভাব স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক মো. আলাউদ্দিন মালিক এবং সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রাহ ও সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান কর্মশালায় বক্তব্য দেন।