ইবিএল-মীনাবাজার কো-ব্র্যান্ডেড কার্ড চালু
সুপার মার্কেটে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সাশ্রয়ের সুবিধা দিয়ে ‘কো-ব্র্যান্ডেড’ ক্রেডিট কার্ড চালু করেছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও সুপার মার্কেট মীনাবাজার।
সম্প্রতি গ্লোবাল ডিজিটাল পেমেন্টস টেকনোলজি নেটওয়ার্ক ‘ভিসা’র সঙ্গে যুক্ত হয়ে এ কার্ড চালু করা হয় বলে বুধবার ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা তাদের দৈনন্দিন খরচের ক্ষেত্রে সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ ও সুবিধাজনক লেনদেনের সুবিধা পাবেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের ‘রিওয়ার্ড’ ও ‘অফার’ গ্রহণের সুযোগও পাবেন তারা।
এছাড়া মীনাবাজার অনুমোদিত দোকান থেকে প্রতি ১০০ টাকা কেনাকাটার বিপরীতে গ্রাহকরা ২টি ‘মীনা বাজার ক্লাব পয়েন্টসহ’ বিভিন্ন অফার ও বিশেষ প্রমোশন সুবিধা পাবেন।
কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালুর উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, নতুন এই কার্ড ব্যবহার করে মীনা বাজারের গ্রাহকরা ‘মীনাবাজার ক্লাব’ লয়ালটি পয়েন্ট অর্জন ছাড়াও দেশে ও বিদেশে ইবিএল এবং ভিসার দেওয়া বিভিন্ন সুবিধা ভোগ করবেন।
জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস লিমিটেডের (মীনাবাজার) প্রধান নির্বাহী শাহিন খান বলেন, ‘কো-ব্র্যান্ডেড’ কার্ডের মাধ্যমে দৈনন্দিন কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকরা খরচের পাশাপাশি সাশ্রয় করারও সুযোগ পাবেন।
