পোশাক খাতের প্রদর্শনী ‘টেক্সটেক বাংলাদেশ’ শুরু ৯ অগাস্ট
টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা ও রাসায়নিক সামগ্রী নিয়ে ঢাকায় হতে যাচ্ছে চারদিনের আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটেক বাংলাদেশ’।
আগামী ৯ থেকে ১২ অগাস্ট রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই প্রদর্শনী হবে বলে এক সংবাদ সম্মেলনে জানায় প্রদর্শনীর আয়োজক সেমস গ্লোবাল।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ওই সংবাদ সম্মেলন থেকে বলা হয়, এবারের আয়োজন ‘১৮তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘১২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এবং ‘২৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো’- এই তিন ভাগে বিভক্ত।
তৈরি পোশাকখাতের এই প্রদর্শনীত টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় তৈরির যন্ত্রপাতি, রং ও প্রয়োজনীয় রাসায়নিকের বিশাল সমাহার থাকছে বলে জানান সেমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।
তিনি আরও জানান, এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৫ দেশের প্রায় সাড়ে ১১শ প্রতিষ্ঠানের এক হাজার ৪০০টি স্টল থাকবে।
“ফলে খুব সহজেই সংশ্লিষ্ট খাতের দেশি ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতের সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন এবং সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের সাথে পরিচিত হবার সুযোগ পাবেন,” বলেন সেমসের ব্যবস্থাপনা পরিচালক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালি, স্পেন, জার্মানি, কানাডা, চায়না, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের প্রদর্শনীতে।
সেমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন বলেন, “এক ছাতার নিচে ২৫ দেশের প্রযুক্তি ও পণ্য দেখার সুযোগ এসব দেশের ভোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত হলেও আগ্রহীদের www.e-registrations.com ওয়েবসাইট থেকে নিবন্ধন করে নিতে হবে।
এছাড়া প্রদর্শনী উপলক্ষে ১০ অগাস্ট বেলা ১১টায় সেমস গ্লোবাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘কেমিক্যাল সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
