ঢাকায় বসছে স্মার্টফোন-ট্যাবের মেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা।
‘এক্সপো মেকার’ এর আয়োজনে ‘টেকশহর ডটকম স্মার্টফোন ট্যাব এক্সপো ২০১৭’ শিরোনামের তিন দিনব্যাপী এই মেলা হতে যাচ্ছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট এবং বিভিন্ন ইলেকট্রনিক এক্সেসরিজের প্রদর্শন ও বিক্রয় হবে বলে জানান এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
তিনি বলেন “মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক স্মার্ট ডিভাইসগুলো যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন, অন্যান্য আকর্ষণীয় আয়োজনও থাকবে।”
এবারের মেলায় স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, ওপ্পো, শিয়াওমি, সনি র্যাংগস, আসুস জেনফোন, নকিয়া, লাভা, মাইক্রোম্যাক্স, লেনোভো, ডিসিএল, উইনম্যাক্স, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, ডিটেল, এডাটা, আজকের ডিলসহ আরও কয়েকটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।
শিয়াওমি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন জানান, মেলায় তাদের প্রতিটি পণ্যের সঙ্গে উপহার ও বিভিন্ন অফার থাকবে।
“আমাদের কয়েকটি নতুন ইউনিক প্রোডাক্ট লঞ্চ হবে মেলায়। এছাড়া নানা রকম এক্সেসরিজ পাবেন।,” বলেন তিনি।
প্রতিবারের মত এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে ‘স্মার্ট চ্যাম্প কুইজ কনটেস্ট’ এর আয়োজন করা হয়েছে।
এতে বিজয়ীরা হুয়াওয়ে, মাইক্রোম্যাক্স, লাভা ও লেনোভোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন। এছাড়াও মেলার তিনদিন ‘সেলফি বাজ কুইজ কনটেস্ট’ পুরস্কার জেতার সুযোগ থাকবে।
মেলার টিকিটের দাম ২০টাকা, যা চ্যারিটির কাজে ব্যবহার করা হবে বলে জানান আয়োজকরা।
