অ্যাকর্ড-অ্যালায়েন্সের সমালোচনায় গার্মেন্ট মালিকরা
বাংলাদেশের পোশাক কারখানায় কাজের পরিবেশ উন্নয়নে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে পোশাক শিল্পের সঙ্কটের অন্যতম কারণ বলছেন কারখানা মালিকরা।
বিশ্ব বাজারে রপ্তানি প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশকে পিছিয়ে দিতে দেশ-বিদেশি মহল এই খাতের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের।
রোববার ঢাকার একটি হোটেলে পোশাক শিল্পের সর্বশেষ অবস্থা পর্যালোচনায় জরুরি সাধারণ সভায় মিলিত হন পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা।
বিজিএমইএর সাবেক সভাপতি একে আজাদ, কাজী মনিরুজ্জামান, মোস্তফা গোলাম কুদ্দুছ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক নেতা মোস্তফা গোলাম কুদ্দুছ, আনিসুর রহমান সিনহা, ফজলুল আজিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজা ধসের পর অ্যাকর্ড-অ্যালায়েন্স গঠন করা হয়েছিল কারখানা ও ব্যবসার পরিস্থিতি উন্নত করতে।
“কারখানা নিরাপত্তায় আমরা অনেক উন্নতি করার পরেও আমাদের দেশের পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে। কিছু এনজিও এবং শ্রমিক নেতা নামধারীরা বিদেশে গিয়ে আমাদের শিল্পের বদনাম করছেন। তারা এই শিল্পকে শেষ করতে চান।”
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম বলেন, অতীতে পোশাক কারখানা মালিকরা বিভিন্ন সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধে হয়েছিল। এবারও অ্যাকর্ড-অ্যালায়েন্সসহ অন্যান্য বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অ্যাকর্ড পোশাক কারখানার কর্মপরিবেশ ঠিক করার নামে অনেক ‘বাড়াবাড়ি করছে’ মন্তব্য করে তিনি বলেন, “প্রয়োজনে এ প্রতিষ্ঠানকে বিতাড়ন করতে হবে।”
অ্যাকর্ডের বিরুদ্ধে অনিয়মের অবিযোগ তুলে ইম্প্রেসিভ গ্রুপের ঢালী বলেন, “আমি প্রথম অ্যাকর্ডের বিরুদ্ধে হাই কোর্টে গিয়ে মামলায় জিতেছি। আমার সংস্কার কাজ চলা একটি কারখানার জন্য তারা বায়ারদের নিষেধ করে দিল। এতে আমার মিলিয়ন ডলার ক্ষতি হল। তারপর হাই কোর্ট বলেছে, সেই মেইল উইথড্র করতে। কিন্তু তারা এখনও সেই আদেশ পালন না করে আদালত অবমাননা করছে।”
আজিম গ্রুপের ফজলুল আজিম বলেন, “অ্যাকর্ড-অ্যালায়েন্স ভালো কাজ করেছে। আমরা স্বাধীন দেশ। সব কিছুর একটা শেষ আছে। ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা বলেছেন। এনাদার থ্রি ইয়ার্স, এনাদার টু ইয়ার্স এসব আমরা মানি না।”
বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, “রপ্তানিতে গত ৫০ বছরে এবারই প্রথম দেশে এত কম গ্রোথ হয়েছে। এর কারণ হলো টাকার দরপতন, বৈশ্বিক রাজনীতি, পণ্যের দরপতন।”
বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, “মালিক হিসেবে আমি অস্তিত্ব সংকটে আছি। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের ধাক্কা আমাদের সংকটে ফেলে দিচ্ছে। শত কোটি টাকা খরচ করেও তাদের মনকে তুষ্ট করা যাচ্ছে না। তাদের শর্ত মানতে গিয়ে আমাদের খরচ যেভাবে বাড়ছে সেভাবে ব্যবসা নেই। তাই এখানে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।”
সাভারের রানা প্লাজা ধসের পর ইউরোপীয় ক্রেতাদের উদ্যোগে স্বাক্ষরিত ‘অ্যাকোর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ এবং আমেরিকার ক্রেতাদের উদ্যোগে স্বাক্ষরিত ‘বাংলাদেশ সেফটি অ্যালায়েন্স’ গঠন করা হয়।
ইউরোপীয় চুক্তিটি সংক্ষেপে ‘অ্যাকর্ড’নামে পরিচিত। এ চুক্তিতে এ পর্যন্ত ৮৪টি প্রতিষ্ঠান স্বাক্ষর করেছে।
অন্যদিকে উত্তর আমেরিকার বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ওয়ালমার্ট ও গ্যাপসহ ১৭টি প্রতিষ্ঠান জোটবদ্ধ হয়েছে। ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি ইনিশিয়েটিভ’সংক্ষেপে ‘অ্যালায়েন্স’নামে পরিচিত।
এই দুই জোটের সঙ্গে করা সরকারের পাঁচ বছরের চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুলাইয়ে শেষ হবে। তবে এর পরেও বাংলাদেশে পোশাক কারখানা নিয়ে কাজ করতে চায় তারা।
